বিষপ্রয়োগে পুকুরের মাছ নিধন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫২ পিএম

শিবচরে একটি পুকুরে বিষপ্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার কাদিরপুর ইউনিয়নের তাহের ফকিরকান্দি গ্রামের ওই পুকুরে দুর্বৃত্তরা বিষপ্রয়োগ করে বলে ভুক্তভোগী মৎস্যচাষি আবদুল খালেক শনির অভিযোগ।

জানা গেছে, বুধবার সকালে আবদুল খালেকের পুকুরের সিলভারকার্প, কাতলা, রুই, সরপুঁটিসহ প্রায় ১০ প্রজাতির মাছ মরে ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। এক পর্যায়ে পুকুরের সমস্ত মাছ মৃত অবস্থায় পানির ওপরে ভেসে ওঠে।

ভুক্তভোগী খালেক শনি বলেন, ‘সকালে প্রতিবেশীরা খবর দিলে পুকুরে গিয়ে দেখি মাছ মরে ভাসছে। পুকুরে প্রায় ৪ লাখ টাকার মাছ ছিল। এর মধ্যে বিক্রি উপযোগী মাছও ছিল। রাতে কেউ শত্রুতা করে বিষ ছিটিয়েছে। তা না হলে হঠাৎ করে সব মাছ মরে যাওয়ার কথা না।’

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত