ইউক্রেনে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে রুশ সেনাবাহিনী। হামলা থেকে বাদ যায়নি কিয়েভের বিমানবন্দর ও সামরিক সদরদপ্তর।
এদিকে ইউক্রেনের দুটি উপকূলীয় শহর ওডেসা ও মারিয়োপল-এ রুশ সেনারা অবতরণ করেছেন বলে ইন্টারফ্যাক্স ইউক্রেন জানিয়েছে।
আলজাজিরার প্রতিনিধি জানান, বরিস্পিল বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। এটি গোলার আঘাতের মতো শোনালেও বিমান হামলা হতে পারে।
কিয়েভে থাকা বিবিসি’র প্রতিনিধি জানান, কিয়েভে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
রাজধানী কিয়েভ ছাড়াও ক্রামাতোরস্ক এবং দোনেৎস্ক অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বিবিসির প্রতিনিধি নিশ্চিত করেছেন।
এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ, দক্ষিণের ওডেসায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়।
রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলগরদ-এ বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে। তবে বিস্ফোরণের ধরন নিশ্চিত হওয়া যায়নি।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, ‘পুতিন এইমাত্র ইউক্রেনে পুরোদমে আগ্রাসী হামলা শুরু করেছেন।’
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সামরিক অভিযান’ পরিচালনার ঘোষণা দেন।
বৃহস্পতিবারে সকালে টেলিভিশনে প্রচারিত ভাষণে পুতিন পূর্ব ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানান।
‘ন্যায়বিচার ও সত্য’ রাশিয়ার পক্ষে রয়েছে দাবি করে তিনি সতর্ক করেন, রাশিয়ার বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিলে মস্কো ‘তাৎক্ষণিক’ জবাব দেবে।
