জেলা পর্যায়ে সিএনজি চলাচল নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন বরিশাল জেলা কমিটি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে প্রায় দেড়শ সিএনজি চালক ও মালিকেরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন বরিশাল জেলা কমিটির সভাপতি আবদুর রব, সাধারণ সম্পাদক সোয়ান সরদার, সদস্য কাওসার হোসাইন, বাসদের জেলা সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তী, হাসান জাহাঙ্গীর, মো. ইসা, সোহেল রানাসহ প্রমুখ।
মানববন্ধনে নেতারা তাদের বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। এগুলো হল-
জেলা পর্যায়ে সিএনজি চলাচল নিশ্চিত করা, আন্তজেলা হাইওয়ের পাশে সার্ভিস রো নির্মাণ, জেলার লাইসেন্সসহ বিক্রয়কৃত সিএনজি চলাচল নিশ্চিত না হলে শো রুমে কিস্তি স্থগিত করা, জরুরি রোগী পরিবহন ও গ্যাস রিফিল করার জন্য বিশেষ অনুমতি প্রদান করতে হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলায় সিএনজি না চালাতে পেরে তারা আজ পথে বসেছে। কিস্তির টাকাও পরিশোধ করতে পারছে না। বাস মালিকরা তাদের চলাচলে বাধা সৃষ্টি করছে। এভাবে চলতে থাকলে যারা মালিক ও চালক রয়েছে তারা পথে বসবে। লক্ষ লক্ষ টাকা দেনা হচ্ছে তাদের।
