চাঁদা দাবির অভিযোগ

শীতলক্ষ্যা সেতুর শ্রমিকদের হত্যার হুমকি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৯ এএম

নারায়ণগঞ্জের বন্দরে নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুর শ্রমিকদের হত্যার হুমকি দিয়েছে চাঁদাবাজরা। এ ব্যাপারে বন্দর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

গত শুক্রবার সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার চীনা নাগরিক দুয়ন উই বাদী হয়ে অভিযোগটি করেন। এতে উল্লেখ করা হয়েছে, ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সেতুর নির্মাণশ্রমিকদের হত্যা ও কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে চাঁদাবাজরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২২ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন সময়ে ফরাজিকান্দা এলাকার চাঁদাবাজ মারুফ, সেলিম, শ্যামল ওরফে রাব্বী, সালামসহ নাম না-জানা ৩০-৩৫ জনের একটি সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রুপ ট্রলার, প্রাইভেট কার ও মোটরসাইকেলযোগে কাজের স্থানে এসে সুইচ গিয়ার চাকু, ধারালো চাপাতিসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র প্রদর্শন করে সেতুটির নির্মাণশ্রমিকদের কাজে বাধা দিয়ে আসছে।

প্রজেক্ট ম্যানেজার দুয়ন উই এর কারণ জানতে চাইলে ওই সময় চাঁদাবাজরা জানায়, ‘এখানে কাজ করতে হলে ২০ লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে এখানে কোনো কাজ করা যাবে না। দাবিকৃত চাঁদা না দিয়ে কাজ করলে নির্মাণশ্রমিকদের হত্যা করা হবে।’ গতকাল শনিবার সকালে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। চাঁদাবাজদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত