সত্যজিৎ চক্রবর্ত্তীর অনুপ্রেরণামূলক বই ‘মাইন্ড ম্যানেজমেন্ট’

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৭ পিএম

অনুপ্রেরণা এক অদৃশ্য শক্তি। মানুষ নিজের ভেতর থেকে নিজেকে আবিষ্কার করার এক অসাধারণ ক্ষমতা অর্জন করে এই অনুপ্রেরণা দিয়ে। যেমন; ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় দেশাত্মবোধক গান আমাদের সাহস জুগিয়েছিল। নজরুলের বিদ্রোহী কবিতাগুলো আমাদের শিকল ভাঙার প্রেরণা জোগায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, বর্তমান বিশ্বে চতুর্থ বড় রোগ হতাশা। আর এই হতাশা থেকেই বর্তমানে বেড়ে যাচ্ছে আত্মহত্যার প্রবণতা। খুব ছোটখাটো বিষয়ে মান অভিমান থেকেই মানুষ আত্মহত্যা করছে। এ সময় প্রয়োজন মানসিক শক্তির। আর মানসিক শক্তি আসে অনুপ্রেরণা থেকে।

এই অনুপ্রেরণা নিয়ে লিখেছেন সত্যজিৎ চক্রবর্ত্তী। এবারের অমর একুশে বই মেলায় এসেছে তার নতুন বই ‘মাইন্ড ম্যানেজমেন্ট’।

সত্যজিৎ দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত, অনুপ্রেরণাদায়ী বক্তা হিসেবেও যথেষ্ট সুপরিচিত। কলেজ, বিশ্ববিদ্যালয়, করপোরেট কোম্পানি এবং সংগঠনে তিনি নিয়মিত ক্যারিয়ার বিষয়ক প্রশিক্ষণ, আত্মউন্নয়নমূলক প্রশিক্ষণ দিয়ে থাকেন।

অনুপ্রেরণাদায়ী লেখালেখির সূচনা কীভাবে হলো?  জবাবে এই লেখক জানান, ‘আমি লেখালেখির সঙ্গে খুব একটা পরিকল্পনা করে যুক্ত হইনি। মূলত আমার পাঠকরাই আমাকে লেখালেখিতে প্রেরণা জুগিয়েছিল। আমিও তখন অনুভব করি যদি আমার কথাগুলো বই আকারে চলে আসে তাহলে আমি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো পরোক্ষভাবে। এতে করে অন্তত যেকোনো মানুষের একটু যদি স্বপ্ন বোনার লাঙলটা অন্তত আমি হতে পারি, কারো চোখের সামনে হতাশার পর্দাটা অন্তত সরিয়ে দিতে পারি তাহলে জীবনে কমপক্ষে কিছু একটা করেছি বলে মনে হবে।’

মেলায় সত্যজিৎ চক্রবর্ত্তীর মোট ৫টি বই পাওয়া যাচ্ছে। তার মধ্যে ৪টি আত্মউন্নয়মূলক— রোড টু সাকসেস, দ্যা হিডেন পাওয়ার, সাকসেস হান্টার, মাইন্ড ম্যানেজমেন্ট। এ ছাড়া একটা গল্পগ্রন্থও পাওয়া যাবে ‘উপেক্ষিত অপেক্ষা’ নামে। সবগুলো বই প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত