গত দুদিন ধরে আলোচনায় থাকায় রুশ সেনাবাহিনীর দীর্ঘ বহরটি ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র প্রায় ১৫ মাইল উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। খবর বিবিসি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর গত কয়েক দিনে রুশ বাহিনী দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ঢুকে পড়েছে।
আক্রমণের সপ্তম দিনে খারসন ও খারকিভ শহরের পতন ঘটেছে বলে একাধিক সংবাদমাধ্যম জানায়। দুই শহরে নিহত হয়েছে দুই শতাধিক মানুষ।
সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তিপ্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস দাবি করে, কিয়েভের উত্তরে সেনাসমাবেশ ক্রমাগত বাড়িয়ে যাচ্ছে রাশিয়া। তাদের দেখানো ছবিতে দেখা যায়, সেখানে রুশ সেনাবাহিনীর প্রায় ৪০ মাইল দীর্ঘ একটি বহর জড়ো হয়েছে।
বুধবার সকালে বিবিসি জানাচ্ছে, রুশ বহরটি কিয়েভ থেকে মাত্র ১৫ মাইল দূরত্বে অবস্থান করছে।
