ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের তিন দিনের ওরস শেষে শত শত গাড়ি ফিরতে শুরু করায় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে দেখা দিয়েছে দীর্ঘ যানজট।
মঙ্গলবার সকাল থেকে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় যা আজ বুধবারও রয়েছে। আজ সকাল থেকেই মহাসড়কে আটকা পড়েছে কয়েক'শ যানবাহন। এর মধ্যে বেশি আটকে আছে পণ্যবাহী ট্রাক।
বিআইডব্লিউটিসি ও ঘাট সংশ্লিষ্ট জানায়, বার্ষিক ওরসে ঢাকা, বিভিন্ন জেলার বাস যেমন- মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জসহ এ অঞ্চলের অসংখ্য ভক্ত শত শত বাস ও ব্যক্তিগত গাড়িযোগে আটরশির ওরসে অংশ নেন।
আখেরি মোনাজাতের মাধ্যমে মঙ্গলবার ভোরে ওরস সমাপ্ত হয়। তারপর থেকে ওই ভক্তরা একযোগে ফিরতে শুরু করেছেন। পাশাপাশি পণ্যবাহী ট্রাকের চাপও রয়েছে।
এসব কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ঘাট এলাকায় দুই দিন যাবৎ যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।
সরেজমিনে বুধবার সকাল থেকে দৌলতদিয়া ঘাটে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাট জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পদ্মার মোড় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কজুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এতে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।
বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রাক চালক জুলহাস দেশ রূপান্তরকে বলেন, ‘দেড়টার পর মনে হয় ঘাটের এ সিরিয়ালে আটকা পড়ি, এখন বেলা ১২টা বাজে কিন্তু ফেরি দেখা পাই নাই। তা ছাড়া আশপাশে পাবলিক টয়লেট, খাবারের হোটেল না থাকায় ভোগান্তি আরও বেড়েছে জানি না কখন ফেরির নাগাল পাবো।’
সোহাগ পরিবহনের এক যাত্রী বলেন, সকাল ১০টায় আমাদের বাস ঘাটের দিকে এলেও এখন অবধি জিরো পয়েন্টে আসতে পারি নাই। এছাড়াও ঘাট এলাকায় আজ অনেক গরম বাচ্চাদের নিয়ে অনেক অসুবিধায় রয়েছি।
সাকুরা পরিবহনের সুপারভাইজার দেশ রূপান্তরকে বলেন, আমাদের বরিশাল থেকে গত রাতে ছেড়ে আসা ঢাকাগামী বাস আজ সকাল ৯টায় ঘাট পার হয়েছে। বাসগুলো আগে পার করানো হলেও গত রাত থেকে অপেক্ষায় থাকা কাঁচামালের ট্রাকগুলোকেও বাসের সঙ্গে পার করানোর জন্য বাসগুলো অনেকটা দেরিতে পার করানো হচ্ছ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, গতকাল থেকে ওরস ফেরত গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় পণ্যবাহী ট্রাকের সিরিয়াল তৈরি হয়েছে। এ ছাড়া অনেক বাস উল্টো পথে চলে যাওয়ার ফলে সড়কে অনেক জায়গায় জ্যাম লেগে যায়, তবে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপে সড়কে শৃঙ্খলা ফেরে। আজ যে যানজটে রয়েছে তা নিরসনের জন্য কাজ করছি আমরা।
বর্তমানে এ নৌপথে ছোট-বড় মিলিয়ে ১৯টি ফেরি চলাচল করছে। এর মধ্যে রো রো ১১টি, ইউটিলিটি ৬টি, কে টাইপ ১টি ও টুইং ১টি ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে।
