স্কুল সভাপতি পদে ফরম তুলতে বাধা, প্রার্থীকে মারধরের অভিযোগ

আপডেট : ০২ মার্চ ২০২২, ০৯:৩৬ পিএম

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়ন ফরম কিনতে এসে বেধড়ক মারধরের শিকার হয়েছেন এক প্রার্থী।

বুধবার বিকেলে কাজী রাসেল আহম্মেদ মিন্টু নামে এক ব্যক্তি ফরম সংগ্রহ করতে গেলে তাকে তাহেরহুদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঞ্জরুল আলম মনজের লোকজন ধাওয়া করে মারধর করে বলে অভিযোগ উঠেছে।

পরে পুলিশ খবর পেয়ে আহত মিন্টুকে উদ্ধার করে।

জানা গেছে, আগামী ১৯ মার্চ ভোট হরিণাকুণ্ডু উপজেলার ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের গ্রহণ অনুষ্ঠিত হবে। সে মোতাবেক গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। যার মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছিল উপজেলা মাধ্যমিক অফিসে।

ভুক্তভোগীদের অভিযোগ, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়ন কিনতে আসা ব্যক্তিদের ওপর নজর রাখতে ওইস্থানে আগে থেকেই লোক বসিয়ে রাখেন সাবেক চেয়ারম্যান মনজের। পর মিন্টু আসলে তাকে ধাওয়া দেয় মনজেরের লোকজন। একপর্যায়ে তাকে ধরে নিয়ে বেধড়ক মারধর করা হয়।

ভুক্তভোগী কাজী রাসেল আহম্মেদ মিন্টু অভিযোগ করে বলেন, ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি পদে আমি নির্বাচনের জন্য ফরম কিনতে যাই। সেখানে গিয়ে দেখি সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম মনজের তার লোকজন বসিয়ে রেখেছেন। তারা আমাকে বলেন, ‘তুই ফরম কিনতে পারবি না। আমরা মনজেরর লোক। মনজের চেয়ারম্যানের কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না।’

আমি এ বিষয়ে হরিণাকুণ্ডু থানায় ও মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন মিন্টু।

সভাপতি পদপ্রার্থী আরিফুল ইসলাম নামে একজন বলেন, আমাকেও ফরম কিনতে গিয়ে মনজেরের ‘ভাড়াটিয়া লোকজনের’ বাধার মুখে ফিরে আসতে হয়েছে।

অভিযোগের বিষয়ে সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম মনজের বলেন, আমি নিজে সভাপতি প্রার্থী। আপনারা এ বিষয়টি নিয়ে কিছু কইরেন না।

এ ব্যাপারে হরিণাকুণ্ডু উপজেলা শিক্ষা অফিসার ফজলুল হক বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমার অফিসের ভেতরে কোনো ঘটনা ঘটেনি। বাইরে যদি কিছু ঘটে সেটি আমার বিষয় না। তবে সকল বিষয়টি আমি থানার ওসি ও ইউএনওকে  অবগত করেছি।

হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, আমি বিষয়টি অবগত আছি। ঘটনাস্থলে কয়েক দফা পুলিশ পাঠিয়েছি।

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিম আহম্মেদ বলেন, সকল বিষয়ে আমি অবগত আছি। মনোনয়ন ফরম ক্রয়ের জন্য সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ওসি ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা দিয়েছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত