বিতর্ক-বিপাকে অলিগার্করা

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১২:৪২ এএম

রাশিয়া, ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে সংঘাত যতই বাড়ছে, আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন রাশিয়ার অলিগার্করা। ইউক্রেনে হামলা চালানোর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার বেশ কিছু ব্যাংক এবং পুতিনের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত কিছু ব্যক্তিবর্গের অর্থ লেনদেনের ওপর অবরোধ আরোপ করেছে। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অলিগার্কদের অনেকেই এখন এই চলমান সংঘাতের মাঝে পড়ে চরম বিপাকে রয়েছেন।

অলিগার্ক শব্দটির অনেক পুরনো ইতিহাস রয়েছে। দুটি গ্রিক শব্দ, অলিগই এবং আরখেন যুক্ত হয়ে অলিগার্ক শব্দের উৎপত্তি। অলিগই অর্থ ‘গুটিকতক’ আর আরখেন অর্থ ‘শাসন করা’। তার মানে একজন অলিগার্ক হলেন শাসক গোষ্ঠীর একজন সদস্য। সমাজের বাকি সবার সঙ্গে ধর্ম, আর্থিক প্রতিপত্তি, আভিজাত্য এমনকি ভাষায়ও তাদের পার্থক্য থাকতে পারে। এই ধরনের সম্ভ্রান্ত ব্যক্তিরা বেশিরভাগ সময় নিজের স্বার্থসিদ্ধির জন্য কাজ করেন। আর সেজন্য প্রায়শই দুরভিসন্ধিমূলক পন্থা বেছে নেন।

বিবিসি এক অলিগার্কের উদাহরণ দিতে গিয়ে যুক্তরাজ্যে রুশ ব্যবসায়ী, চেলসি ফুটবল ক্লাবের মালিক রোমান আব্রামোভিচের কথা বলেছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন অনেক স্থাবর সম্পদ হস্তগত করে সেগুলো বিক্রি করেছিলেন। যার মূল্য দাঁড়ায় প্রায় সাড়ে ১৪ বিলিয়ন ডলার। আর একজন হলেন সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক কর্মকর্তা এবং ব্যাংকার আলেক্সান্ডার লেবেদেভ। তার ছেলে ইয়েভগেনি লেবেদেভ লন্ডন ইভনিং স্ট্যান্ডার্ড কাগজের স্বত্বাধিকারী। ব্রিটিশ নাগরিক ইয়েভগেনি ব্রিটিশ হাউজ অব লর্ডসের একজন সদস্য। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট যুগে কোনো ব্যক্তিমালিকানাধীন সম্পদ ছিল না। তবে এরপর পুঁজিবাদী রাশিয়ায় ব্যাপকভাবে বেসরকারিকরণ হয়েছে, বিশেষ করে জ্বালানি, আর্থিক ও শিল্প খাতে। যার ফল হলো নব্বই দশকে বহু মানুষ রাতারাতি বিত্তশালী হয়ে উঠেছিলেন। আসলে যারা খুবই ধনাঢ্য, দোর্দণ্ড প্রতাপশালী এবং ক্ষমতাসীনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যাদের ওঠবস তারাই অলিগার্ক হিসেবে পরিচিত।

এই অলিগার্করাই প্রেসিডেন্ট ইয়েলৎসিনের সমর্থক ছিলেন এবং ১৯৯৬ সালে তার নির্বাচনী প্রচারণায় ব্যাপক অর্থায়ন করেছিলেন। ইয়েলৎসিনের পর যখন ভøাদিমির পুতিন ক্ষমতায় আসীন হলেন, তিনি অলিগার্কদের নিয়ন্ত্রণ করা শুরু করলেন, নিজের কাজে ব্যবহার করা শুরু করলেন। যারা তার প্রতি রাজনৈতিক আনুগত্য বজায় রেখেছেন তারা আরও সাফল্যের মুখ দেখেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত