রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আবারও ট্রাক ও কাভার্ড ভ্যানের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। সাধারণত দৌলতদিয়া প্রান্তে শুক্রবার গাড়ির তেমন চাপ না থাকলেও গতকাল এর ব্যতিক্রম ঘটনা ঘটেছে। গতকাল ট্রাকের লাইন ছাড়িয়ে যায় চার কিলোমিটার।
ঘাটের ভোগান্তি ও যানজট নিরসনের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ২০টি ফেরি চলাচল করলেও খুব একটা কাজে আসছে না। দুদিনের ব্যবধানে দৌলতদিয়া প্রান্তে ফের দেখা দিয়েছে কাভার্ড ভ্যান ও পণ্যবোঝাই ট্রাকের দীর্ঘ সারি। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এ যানজট শুক্রবার সকালে ছাড়িয়ে যায় চার কিলোমিটার। তবে বাসের চাপ কিছুটা কম ছিল।
বিআইডব্লিউটিসির ঘাট সূত্র জানিয়েছে, দুদিন আগের ওরশের গাড়ির চাপের জন্য অনেক ট্রাক পার করানো সম্ভব হয়নি, এছাড়াও গতকাল সকাল থেকে অতিরিক্ত ট্রাকের চাপ থাকায় দৌলতদিয়া প্রান্তে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে।
