মাধ্যমিকে পুরোদমে পাঠদান শুরু চলতি মাসেই : দীপু মনি

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০২:২৮ এএম

করোনার সংক্রমণ কমে আসায় চলতি মাসের মাঝামাঝি থেকে মাধ্যমিক স্তরের শ্রেণিকক্ষে পাঠদান পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘আমরা আশা করছি এই মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু করতে পারব। আমরা তো ধারাবাহিক মূল্যায়নে যাচ্ছি। শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট দরকার হলে দেব।’

গতকাল শুক্রবার রাজধানীর গুলশানের রেনেসাঁ হোটেলে ভারতীয় হাইকমিশনের আয়োজনে ‘স্টাডি ইন ইন্ডিয়া’ এডুকেশন ফেয়ার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

‘ব্লেন্ডেড লার্নিং’ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা ন্যাশনাল পলিসি করছি। এ মাসের ২৬ তারিখে প্রধানমন্ত্রীর হাতে দেব। তারপর কীভাবে বাস্তবায়ন করা যায় তা করা হবে।’

এর আগে মন্ত্রী ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টল পরিদর্শনকালে বলেন, ‘ভারতের শিক্ষার্থীরা যদি বাংলাদেশে পড়তে আসে আর বাংলাদেশের শিক্ষার্থীরা যদি ভারতে পড়তে যায়, তাতে দুই দেশের জ্ঞান বিনিময়ের পাশাপাশি সম্পর্ক আরও জোরদার হবে। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত