উখিয়ার সীমান্তে দুই লাখ ইয়াবা উদ্ধার, আটক ৩

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০১:২৮ পিএম

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল সেট জব্দ করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।

শুক্রবার দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয় বলে শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

আটকেরা হলেন- উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের ফারির বিল এলাকার মৃত ছৈয়দ নূরের ছেলে মো. হেলাল উদ্দিন (২৭), একই এলাকার আবুল বাশারের ছেলে মো. তারেক (২৩) ও মৃত আবদুস সালামের ছেলে নুরুল আমিন (১৯)। আটকদের দুপুরে উখিয়া থানায় সোপর্দ করা হয়।

র‍্যাব-৭, এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল উখিয়ায় চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করলে একটি অটোরিকশা হতে ৩ জন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‍্যাব তাদের আটক করে। এ সময় তাদের হাতে থাকা প্লাস্টিকের বস্তা হতে মোট ১ লাখ ৯৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।

এদিকে, গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা টেকনাফ হতে ইয়াবা সংগ্রহ করে পরবর্তীতে তা কক্সবাজার এবং চট্টগ্রামসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রয় করে আসছে। 

গ্রেপ্তারকৃত আসামিরা এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত