মানব জীবনে যতগুলো সৎ গুণাবলি রয়েছে তার মধ্যে দায়িত্বশীলতা অন্যতম। মানুষ হিসেবে আমাদের ওপর বহুমুখী দায়িত্ব ও কর্তব্য অর্পিত হয়। এ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকা, সময় মতো পালন করা এবং কোনো ধরনের অবহেলা বা উদাসীনতা প্রদর্শন না করাই দায়িত্বশীলতা বা কর্তব্য পরায়ণতা। আমি মনে করি ‘দায়িত্বশীলদের দৈনিক’ স্লোগান নিয়ে দেশ রূপান্তর প্রকৃতপক্ষেই দায়িত্বশীলতার ভূমিকা পালন করছে।
নীলফামারীতে দেশ রূপান্তরে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন কথাই তুলে ধরেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম।
রবিবার বেলা ১২টায় জেলা শহরের নীলফামারী প্রেসক্লাবের হলরুমে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ বলেন, সরকারের কার্যক্রম দেশ ও জনগণের কাছে পৌঁছানো মাধ্যম হচ্ছে সংবাদপত্র ও গণমাধ্যমকর্মীরা। কারণ সংবাদ মানুষের চোখ খুলে দেয়। সমাজের নানা অসংগতি তুলে ধরাই গণমাধ্যমের প্রধান কাজ। বাজারে এখন নতুন পত্রিকা নতুন টেলিভিশন আসছে, সেখানে মাত্র তিন বছরে দেশ রূপান্তর গণমানুষের আস্থায় পরিণত হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতেও গণমানুষের আস্থার প্রতীক হয়ে থাকবে পত্রিকাটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ইনজামাম-উল-হক নির্ণয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীলফামারী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক নিউজ বাংলার প্রতিনিধি নুর আলম। অন্যান্যদের মধ্যে ছিলেন যমুনা টিভির প্রতিনিধি নীলফামারী প্রেসক্লাবের সহ সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, বৈশাখী টিভির প্রতিনিধি ইসরাত জাহান পল্লবী, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি ভুবন রায় নিখিল, আরটিভির প্রতিনিধি সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, এটিএন নিউজের প্রতিনিধি সহসাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক প্রমুখ।
