কুষ্টিয়ায় র‌্যালি, কেক কেটে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৩:৩৭ পিএম

কুষ্টিয়া প্রেস ক্লাব মিলনায়তনে রবিবার সকালে দেশ রূপান্তরের লোগো সংবলিত কেক কেটে পালন করা হয় তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এর আগে প্রেস ক্লাব চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সমাজের দর্পণ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ-খ্যাত গণমাধ্যম, সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের চোখ খুলে দেয়। সমাজের নানা অসংগতি তুলে তার বিরূপ প্রভাব কাটিয়ে উত্তরণের পথ দেখানোই হলো সংবাদপত্রের মূল কাজ। খুব অল্প সময়ের মধ্যে দৈনিক জাতীয় পত্রিকা দেশ রূপান্তর সেই কাজটি ভালোভাবেই করে চলেছে বলে দেশব্যাপী খ্যাতির শিখরে আসন করে নিতে পেরেছে।

আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর নানা ধরনের নেটওয়ার্ক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিড়ে সংবাদপত্র কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। শুরু থেকে অদ্যাবধি দেশ রূপান্তর যেভাবে পেশাদারি ও নীতি আদর্শের জায়গা থেকে সংবাদ পরিবেশন করে যাচ্ছেন ভবিষ্যতেও যেন ঘাত-প্রতিঘাত পেরিয়ে নিরলস পথচলায় অবিচল থাকে তেমনটিই দেশবাসী প্রত্যাশা করেন বলে মত দেন উপস্থিত অতিথিরা। 

দেশ রূপান্তর কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাসান আলীর সভাপতিত্বে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ। স্থানীয় দৈনিক হাওয়ার সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মওলা, পৌর কাউন্সিলর আফ্রিদা আফরিনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত