ইউক্রেনকে নতুন যে হুমকি দিলেন পুতিন

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৮:৪৯ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খোদ ইউক্রেন ‘রাষ্ট্রের অস্তিত্ব’ই বিলুপ্ত করার হুমকি দিয়েছেন। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে পশ্চিমা দেশগুলো; যা টুটি চেপে ধরছে দেশটির অর্থনীতির। এমন পরিস্থিতিতে ইউক্রেনকে এই নতুন হুমকি দেন পুতিন।

রাশিয়ার রাষ্ট্রীয় এয়ারলাইন্স এরোফ্লোটের একটি প্রশিক্ষণ কেন্দ্র সফরকালে এক ভাষণে তিনি এই হুমকি দেন।

বার্তা সংস্থা এএফপি রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে পুতিন বলেছেন, বর্তমান কর্তৃপক্ষের (ইউক্রেনের) অবশ্যই বোঝা উচিত, তারা যা করছে তা অব্যাহত থাকলে খোদ ইউক্রেন রাষ্ট্রেরই ভবিষ্যত ঝুঁকিতে পড়ে যাবে। এবং এটা যদি সত্যিই ঘটে, তাহলে সেটার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে তারাই (ইউক্রেনের বর্তমান কর্তৃপক্ষ)।

টেলিভিশনে প্রচারিত ওই বক্তব্যে পুতিন আরও বলেন, রাশিয়া ইউক্রেনকে বেসামরিকীকরণ এবং নাৎসিমুক্ত করতে চেয়েছে।

এদিকে শনিবার রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বলেছে, পশ্চিমারা তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে ‘গুন্ডার মতো ব্যবহার করছে’।

ক্রেমলিন আরও বলেছে, বিচ্ছিন্ন করে রাখার তুলনায় রাশিয়া অনেক বড়, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাইরে পৃথিবী অনেক বড়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা অর্থনৈতিক সন্ত্রাসে লিপ্ত। মস্কো এর জবাব দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থা 'সুইফট' থেকে রাশিয়ার কয়েকটি ব্যাংককে বিচ্ছিন্ন করা, বিদেশে পুতিনের যেসব সম্পদ রয়েছে সেগুলো জব্দ করা।

এছাড়া বিভিন্ন আন্তঃদেশীয় কোম্পানি রাশিয়াতে কার্যক্রম বন্ধ অথবা সীমিত করেছে। সর্বশেষ শনিবার স্যামসাং, আর্থিক প্রতিষ্ঠান ভিসা, মাস্টারকার্ড, পেপ্যাল এবং পোশাক বিক্রেতা কোম্পানি জারা রাশিয়াতে ব্যাবসায়িক কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে।

নিষেধাজ্ঞার অর্থনৈতিক প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে রাশিয়ার উপরে। রাশিয়ান মুদ্রা রুবলের মূল্য পড়ে গেছে। বাধ্য হয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সূদের হার দ্বিগুণ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত