দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১০:৩১ পিএম

নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের শীর্ষস্থানীয় দৈনিক দেশ রূপান্তর গতকাল রবিবার বিভিন্ন জেলা ও উপজেলায় তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, সুবিধাবঞ্চিত শিশুদের আপ্যায়ন, শিক্ষার্থীদের পোশাক বিতরণ, বিশেষ দোয়া ইত্যাদি। উদযাপনে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, রাজনীতিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের লোকজনসহ দেশ রূপান্তরের পাঠকরা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বেশ কিছু আলোচিত সংবাদ ছেপে দেশ রূপান্তর অল্প সময়ে খ্যাতির শীর্ষে পৌঁছেছে। পত্রিকাটি এখন গণমানুষের আস্থায় পরিণত হয়েছে। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

বগুড়া : বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত আনন্দ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন মিন্টু। 

চাঁপাইনবাবগঞ্জ : আলোচনা সভায় বক্তারা বলেছেন, সম্পাদকীয় নীতি ও পরিচ্ছন্ন উপস্থাপনার মধ্য দিয়ে দেশ রূপান্তর ইতিমধ্যে সাধারণ মানুষের কাছে জায়গা করে নিয়েছে। বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম প্রমুখ। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেট কাটা হয়। এর আগে একটি র‌্যালি চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাব চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

চুয়াডাঙ্গা : বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের ডিসি সাহিত্য মঞ্চে কেক কাটা হয়। এতে শুভেচ্ছা জানাতে আসেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, সাইদুর রহমান বীরপ্রতীক প্রমুখ।

দিনাজপুর : দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম বলেছেন, তিন বছর আগে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লেখনীর মধ্য দিয়ে দৈনিক দেশ রূপান্তরের যে যাত্রা শুরু হয়েছিল তা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। দুপুর ১২টায় দিনাজপুর প্রেস ক্লাবের এম. আব্দুর রহিম মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আর মুঈদ প্রমুখ।

কুষ্টিয়া : বেলা ১১টায় কুষ্টিয়া প্রেস ক্লাব চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এসময় উপস্থিত ছিলেন। পরে কাটা হয় কেক।

গোপালগঞ্জ : সকাল ১০টায় গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম চত্বরে কেক কাটা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় দৈনিক মোহনার সম্পাদক মোজাম্মেল হোসেন মুন্না। পরে আলোচনাসভা হয়।

ঝিনাইদহ : সকালে ঝিনাইদহ প্রেস ক্লাব চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান।

মাদারীপুর : দুপুর ১টায় মাদারীপুর জেলা সার্কিট হাউজের কনফারেন্স রুমে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, অতিথি ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের প্রোগ্রাম অফিসার আবদুস সালাম প্রমুখ।

মানিকগঞ্জ : বেলা তিনটার দিকে সাটুরিয়া উপজেলা সাংবাদিক কার্যালয়ে আলোচনা সভায় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ ফটো।

মেহেরপুর : আলোচনায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা গোলাম রসুল। বক্তব্য দেন মেহেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শাহিনুর রহমান রিটন, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন প্রমুখ।

নওগাঁ : সকাল সাড়ে ১০টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, পত্রিকা এজেন্ট, পত্রিকা বিক্রেতাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ : দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন পোশাক পেয়েছেন নারায়ণগঞ্জের একটি মাদ্রাসার ১২ জন কোরআনের হাফেজ। এর আগে সরকারি তোলারাম কলেজের শিক্ষক মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাংসদ একেএম শামীম ওসমান ও তার সহধর্মিণী জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। এসময় উপস্থিত ছিলেন সরকারি তোলারাম বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ বেলা রানী সিংহ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন আহমেদ প্রমুখ।

নীলফামারী :  বেলা ১২টায়  নীলফামারী প্রেস ক্লাবের হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।

নোয়াখালী : বেলা ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে শুভেচ্ছা জানাতে আসেন নোয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন জেহান, নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল্যাহ আল মামুন, জিএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম জিলানী দিদার প্রমুখ।

পাবনা : বেলা ১২টায় পাবনা প্রেস ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে কেক কাটা ও আলোচনা সভায় জেলার সংবাদকর্মীদের পাশাপাশি জেলার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পাবনা প্রেস ক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান এতে সভাপতিত্ব করেন।

রাঙ্গামাটি : কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে স্থানীয় একটি পত্রিকার সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ বলেছেন, দেশের উন্নয়নের প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি, আর এই দুর্নীতি প্রতিরোধে দেশ রূপান্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ প্রেস ক্লাব হলরুমে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টাঙ্গাইল : প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা হয়। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ রূপান্তর পত্রিকাটি অল্প সময়ে পাঠকদের মনে জায়গা করে নিয়েছে। অনুষ্ঠানে উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কক্সবাজার : দুপুর ১২টার দিকে কক্সবাজার প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে কেক কাটা হয়। এর আগে কেক কাটে সুবিধাবঞ্চিত শিশুরা। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

মুন্সীগঞ্জ : বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

কুমিল্লা : সকালে কুমিল্লা প্রেস ক্লাবে কেক কেটে উদযাপন করেন জেলায় কর্মরত সাংবাদিকরা। পরে আলোচনায় বক্তারা বলেন, সাহসিকতার সঙ্গে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে দেশ রূপান্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত