পঞ্চগড় সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম আযমের (৫২) রহস্যজনক মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়ারপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে পুলিশ তার রক্তাক্ত লাশ উদ্ধার করে। গোলাম আযম ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। রাজনীতির পাশাপাশি তিনি পাথর ব্যবসা ও আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গোলাম আযমের স্ত্রী, মেয়ে ও ছেলেকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ, পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় গোলাম আযমের মেয়ে তাকে ডাকতে শয়ন কক্ষে গেলে তার রক্তাক্ত শরীর বিছানায় পড়ে থাকতে দেখেন।
পঞ্চগড় সদর থানার ওসি আবদুল লতিফ মিয়া বলেন, ‘তার মাথায় আঘাত করা হয়েছে। রক্তাক্ত মরদেহ নিজ শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
