কুমিল্লার দাউদকান্দিতে বাড়তি মূল্যে ভোজ্যতেল বিক্রির দায়ে ২টি দোকানকে এক লাখ টাকা জরিমানাসহ আরেক দোকানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দাউদকান্দি পৌর বাজার ও গৌরীপুর বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম এই জরিমানা করেন।
অভিযানে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান নোমান মিয়া সঙ্গে ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম বলেন, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে একটা অস্থিতিশীলতা সারা দেশে বিরাজ করছে। সেই ধারাবাহিকতায় আমাদের দাউদকান্দিতেও মূল্যবৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে একটা জটিলতা দেখা দিয়েছিল। এরই প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান মহোদয়সহ আমরা দাউদকান্দি এবং গৌরীপুর বাজারে অভিযান চালিয়েছি। এ সময় আমরা প্রত্যেক ব্যবসায়ী যারা তেলসহ এ ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করেন। সেখানে গিয়ে তাদের সংরক্ষণে যেসব দ্রব্য রয়েছে বিশেষ করে সয়াবিন তেল বা ভোজ্যতেল সেগুলোর কাগজপত্র যাচাই বাছাই করেছি।
তিনি বলেন, বাজারে পর্যাপ্ত পরিমাণে ভোজ্যতেল মজুত রয়েছে। এর মধ্যে কোনো ব্যবসায়ী যেন অতিরিক্ত মূল্যে বিক্রি না করে সেটি আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। এ সময় নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে তেল বিক্রির দায়ে দাউদকান্দির ভাই ভাই বাণিজ্যালয়কে ৫০ হাজার, গৌরীপুর বাজারের ললিত মোহন সাহা স্টোরকে ৫০ হাজারসহ মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
গৌরীপুর বাজারের সুমন ট্রেডার্সের মালিক সুমনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এর আগেও লবণের মূল্য বেশি রাখায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল বলে এই কর্মকর্তা জানান।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, পণ্য যেখান থেকেই ক্রয় করেন তার সঠিক চালান বা রসিদ দেখতে চাইব। মূল্য বৃদ্ধির রসিদ দেখাতে পারলে আমরা চলে যাব। প্রশাসন ব্যবসায়ীদের প্রতিপক্ষ না, আমরা চাই আপনারা সরকারি নির্দেশনা মেনে ব্যবসা করবেন।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাধারণ ক্রেতা ও সচেতন নাগরিকদের সহযোগিতা চেয়ে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, সবাইকে অনুরোধ করব বাজারে পণ্যের গায়ের মূল্যর চেয়ে কোনো ব্যবসায়ী দাম বেশি রাখলে সঙ্গে সঙ্গে মোবাইল মেসেঞ্জারে, ফেসবুক লাইভে বা ফোনে আমাকে জানাবেন। উপজেলা প্রশাসনকে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেব।
