ইউক্রেন আত্মসমর্পণ না করা পর্যন্ত মস্কোর সামরিক অভিযান থামবে না বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। গত রবিবার এক ফোনালাপে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে পুতিন এমনটা জানান বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।
ক্রেমলিন জানিয়েছে এরদোয়ানকে পুতিন বলেছেন, লড়াই শেষ করতে সংলাপের জন্য প্রস্তুত তিনি, কিন্তু আলোচনাকে অযথা প্রলম্বিত করার চেষ্টা করলে তা ব্যর্থ হবে। পুতিন আরও বলেন, ‘যুদ্ধ শুধু তখনই শেষ করা সম্ভব যদি কিয়েভ সামরিক অভিযান বন্ধ করে এবং রাশিয়ার দাবিগুলো মেনে নেয়।’ রুশ গণমাধ্যমগুলো জানিয়েছে, এদিন এর আগে ফোনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও পুতিনের সঙ্গে প্রায় দুই ঘণ্টা কথা বলেছেন। ম্যাক্রোঁর দপ্তর জানিয়েছে, আলাপ চলাকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইউক্রেনের ঐতিহাসিক বন্দরনগরী ওডেসায় সম্ভাব্য উভচর আক্রমণের বিষয়ে তার উদ্বেগ তুলে ধরেন। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বন্ধ করতে এবং সেখানকার পরমাণু ক্ষেত্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানাতে ম্যাক্রোঁ পুতিনকে ফোন করেছিলেন বলে জানিয়েছেন তারা। এই অনুরোধের জবাবে পুতিন বলেছেন, আলোচনার মাধ্যমে হোক বা যুদ্ধ করে, রাশিয়া তার লক্ষ্য পূরণ করেই ছাড়বে।
ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী কিয়েভে সর্বাত্মক আক্রমণ শুরু করার জন্য রাশিয়া তাদের বাহিনীগুলোকে প্রস্তুত করছে।
