দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আশিকুর রহমান বাবু (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় চিরিরবন্দর উপজেলার হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবু উপজেলার বাসুদেবপুর গ্রামের দবিরুল ইসলামের ছেলে। সে উপজেলার এজেড স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে।
জানা গেছে, বাড়ি থেকে স্কুলে সাইকেল চালিয়ে যাচ্ছিল বাবু। পথিমধ্যে হাসপাতাল মোড়ে বিপরীত দিক থেকে সিমেন্টবোঝাই ১০ চাকার একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাবু মারা যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করেছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষুব্ধ জনগণ ট্রাকটি ভাঙচুর করেছে।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হবে। এ ছাড়া ট্রাক ও চালককে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
