ভাবির সঙ্গে ঝগড়া, দায়ের কোপে কোলে থাকা ভাতিজির মৃত্যু

আপডেট : ০৮ মার্চ ২০২২, ১২:৫৯ পিএম

মাদারীপুরের শিবচরে চাচা জামাল হোসেন (২২) এর দায়ের কোপে দশ মাস বয়সী ভাতিজি আয়শা আক্তারের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে পাঁচ্চর এলাকার হোগলারমাঠে ঘটনাটি ঘটে।

এ সময় গুরুতর আহতাবস্থায় শিশুটিকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়। মঙ্গলবার শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে শিবচর থানা-পুলিশ।

শিবচর থানা সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে হোগলার মাঠ এলাকার আলেম হোসেনের ছোট ভাই বাড়ির উঠানে বসে বাঁশ কাটছিলেন।

এ সময় ভাবির সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। আকস্মিক তিনি তার ভাবিকে দা দিয়ে কোপ মারেন। তখন কোলে থাকা শিশু আয়েশার গায়ে কোপটি লাগলে শিশুটি গুরুতর আহত হয়। তখনই তাকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে রাতে তার মৃত্যু ঘটে।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে বড় ভাবিকে আঘাত করতে গিয়ে তার কোলে থাকা শিশুটির আঘাত লাগে। স্থানীয়ভাবে জানতে পেরেছি ছেলেটি মাদকাসক্ত। শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত