বগুড়ার ধুনটে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানে হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর করেছে অপর পক্ষের নেতাকর্মীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে ধুনট সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ধুনট উপজেলার ধুনট সদর ইউনিয়নের ৫টি ওয়ার্ড (৫, ৬, ৭,৮ ও ৯ নম্বর) আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু সমর্থিত নেতাকর্মীরা।
সম্মেলন শুরু হওয়ার আগেই স্থানীয় সংসদ সদস্য হাবিবর রহমান সমর্থিত উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলমের নেতৃত্বে একদল নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে সম্মেলন স্থলে হামলা চালায়।
এ সময় ৩০-৪০টি চেয়ার ভাঙচুর করা হয়। সম্মেলনের উদ্দেশ্যে সমবেত নেতাকর্মী ইউনিয়ন পরিষদের ভেতরে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধুবালা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগের এক পক্ষ আরেক পক্ষের অনুষ্ঠানে হামলা করে কিছু চেয়ার ভাঙচুর করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।
