চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ইউক্রেন ইস্যুতে ইউরোপকে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।
বৈঠকে চিনপিং বলেন, ‘ইউক্রেন-রাশিয়ার বর্তমান সংকটের জেরে ইউরোপে যুদ্ধে জড়িয়ে পড়ার যে সম্ভাবনা উঁকি দিচ্ছে তা দেখে চীন ব্যথিত। রাশিয়া-ইউক্রেনের চলমান পরিস্থিতি দিনকে দিন আরও উদ্বেগজনক হচ্ছে এবং এই পরিস্থিতিতে ইউরোপ যদি সর্বোচ্চ সংযমের পরিচয় না দেয়, সে ক্ষেত্রে খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে।’
রয়টার্স বলছে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংকট যেন কূটনৈতিক পন্থায় সমাধান হয়, সেজন্য বৈঠকে জার্মানি ও ফ্রান্সকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন শি চিনপিং। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন নিষেধাজ্ঞার ফলে বিশ্বব্যাপী যেসব সমস্যার সৃষ্টি হবে সেসব নিয়েও তিনি তার উদ্বেগ জানিয়েছেন। তবে বৈঠকে চীনা প্রেসিডেন্টের বক্তব্যের জবাবে ইমানুয়েল ম্যাক্রোঁ ও ওলাফ শুলজ কী বলেছেন, সে সম্পর্কে রয়টার্স কিছু উল্লেখ করেনি।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযানের শুরুর দিন থেকেই রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র চীন এই অভিযানকে ‘আগ্রাসন’ বলতে নারাজ। এছাড়া ইউক্রেনে অভিযান চলার সময় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য চীনের কাছে যে আহ্বান জানিয়েছিল ইউরোপ তাতেও সাড়া দেয়নি পেইচিং।
