এরদোয়ান-আইজ্যাক বৈঠক

তুরস্ক-ইসরায়েল সম্পর্ক নতুন দিগন্তে

আপডেট : ১১ মার্চ ২০২২, ১২:২৫ এএম

প্রায় এক দশকের কূটনৈতিক টানাপড়েনের পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দুই দেশের সম্পর্কের এক নতুন যুগের ঘোষণা করেছেন।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সম্পর্কের নতুন বার্তা নিয়ে গত বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারা সফর করেন।

আলজাজিরা বলছে, ২০০৭ সালে সিমন পেরেজের পর হারজগই প্রথম কোনো ইসরায়েলি প্রেসিডেন্ট, যিনি তুরস্ক সফর করলেন। সফরে তিনি তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে এরদোয়ান ইসরায়েলি প্রেসিডেন্টের সফরকে তুর্কি-ইসরায়েল সম্পর্কের ক্ষেত্রে ‘ঐতিহাসিক’ ও ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘ঐতিহাসিক এ সফরে আমাদের উভয়ের লক্ষ্য হলো, তুরস্ক-ইসরায়েল দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্টতার ভিত্তিতে রাজনৈতিক সংলাপ শুরু করা।’

এ সময় ইসরায়েলি প্রেসিডেন্ট বলেন, ‘সব বিষয়ে দুই দেশ একমত হবে না। কিন্তু আমরা দ্বিপক্ষীয় বিরোধ শ্রদ্ধার মধ্য দিয়ে সমাধানে অনুপ্রাণিত হতে পারি। আপনি ও আমি, আপনাদের ও আমাদের জনগণ, আমরা সবাই ঈশ্বরে বিশ্বাসীদের পিতা আব্রাহামের সন্তান।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত