যুদ্ধ বন্ধের সমঝোতা অধরা চেষ্টা চালাবে চীন-ইতালি

আপডেট : ১১ মার্চ ২০২২, ০২:৫৩ এএম

ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধে তুরস্কের সমঝোতা বৈঠকে কার্যকর কোনো সমাধান আসবে এমনটাই আশা ছিল বিশ্ববাসীর। কিন্তু বাস্তবে তা হয়নি। গতকাল বৃহস্পতিবারের এই বৈঠকের পর সংবাদ সম্মেলনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউক্রেনে মানবিক সংকটের সমাধানে কাজ করতে রাজি হয়েছে কিয়েভ-মস্কো। তবে যুদ্ধাবসানের বিষয়ে বৈঠকের আলোচনায় তেমন কোনো অগ্রগতি আসেনি বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আনাতোলিয়ায় দ্বিপাক্ষিক বৈঠকের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা সংবাদ সম্মেলনে কথা বলেছেন। এ সময় কুলেবা বলেছেন, ইউক্রেনের মানবিক সংকটের সমাধানে প্রচেষ্টা চালিয়ে যেতে সম্মত হয়েছে উভয়পক্ষ। তিনি বলেছেন, যদি ফলপ্রসূ আলোচনা এবং সমাধান খোঁজার সম্ভাবনা থাকে তাহলে তিনি আবারও একই ধরনের বৈঠকে বসার জন্য প্রস্তুতি নেবেন। তিনি বিশ্বাস করেন যে, দুই পররাষ্ট্রমন্ত্রী যখন দেখা করেন তখন শান্তি ও নিরাপত্তার বিষয়ে আলোচনার এখতিয়ার তাদের রয়েছে।

কুলেবা আরও বলেন, ‘আমি ইউক্রেনের যুদ্ধের অবসান, ইউক্রেনের বেসামরিক জনগণের দুর্ভোগের সমাপ্তি এবং রাশিয়ার দখলদার বাহিনীর হাত থেকে আমাদের অঞ্চলগুলোকে মুক্ত করার উদ্দেশ্য নিয়ে এই ধরনের আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। এই মুহূর্তে দুটি কাজ অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। মারিওপোলে মানবিক করিডর স্থাপন এবং ২৪ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি কার্যকর করা। এই যুদ্ধ বন্ধ হওয়া সম্ভব নয়, যদি রাশিয়ার যুদ্ধ বন্ধ করার উদ্দেশ্য না থাকে।’ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ক্রেমলিনে সিদ্ধান্ত গ্রহণকারী কর্র্তৃপক্ষের কাছে তার বার্তা পৌঁছে দেবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রুশ দৃষ্টিভঙ্গি থেকে যুদ্ধের অগ্রগতি কী এই প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেন, এটি ‘বিশেষ অভিযান’; যা পরিকল্পনা মাফিক চলছে। পশ্চিমারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার মাধ্যমে ‘বিপজ্জনক আচরণ’ করছে বলে অভিযোগ করেছেন ল্যাভরভ। তিনি বলেছেন, এটি তাদের তথাকথিত নীতি ও মূল্যবোধের বিরোধী। রাশিয়ার অন্য কোনো দেশে আক্রমণ করার পরিকল্পনা রয়েছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেনি এবং অন্য দেশে আক্রমণের পরিকল্পনা নেই।

এদিকে ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে একসঙ্গে কূটনৈতিক তৎপরতা চালাবে চীন ও ইতালি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক বৈঠক শেষে বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মাইও। তবে এই ইস্যুতে চীন রাশিয়ার পক্ষে থাকলেও ইতালির সমর্থন ইউক্রেনের দিকে বলে জানিয়েছেন লুইগি ডি মাইও। এ প্রসঙ্গে বৃহস্পতিবারের বিবৃতিতে তিনি বলেন, ‘আমি রুশ আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছি।’

রাশিয়ার এই অভিযানকে ‘আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে শুরুর থেকেই দেশটির তীব্র সমালোচনা ও একের পর এক নিষেধাজ্ঞা জারি করে গেছে ইউরোপ। কিন্তু এসবে রুশ অভিযানের গতি রুদ্ধ হয়নি। রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র চীন অভিযানের প্রথম দিনই জানিয়েছিল, পেইচিং একে ‘আগ্রাসন’ বলতে নারাজ। পাশাপাশি উভয় দেশের সংকট সমাধানে কূটনৈতিক আলাপ-আলোচনার ওপরও গুরুত্ব দিয়ে আসছিল চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। গত মঙ্গলবার ইউক্রেন ইস্যুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। বৈঠকে চিনপিং বলেন, ‘ইউক্রেনে চলমান রুশ অভিযানের জেরে ইউরোপে যুদ্ধে জড়িয়ে পড়ার যে আকাক্সক্ষা ছড়িয়ে পড়েছে; তা দেখে চীন ব্যথিত। ইউক্রেনের পরিস্থিতি দিনকে দিন উদ্বেগজনক হচ্ছে এবং এই পরিস্থিতিতে ইউরোপ যদি সর্বোচ্চ সংযমের পরিচয় না দেয়, সেক্ষেত্রে খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

গতকাল ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এখন পর্যন্ত ১২ হাজার রুশ সেনার মৃত্যু হয়েছে। এ ছাড়া ট্যাংক ও কামান ধ্বংস, যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে রাশিয়ার। সব মিলিয়ে ১৪ দিন ধরে যুদ্ধ চালিয়েও এখনো ইউক্রেন দখল করতে পারেনি রাশিয়া। উল্টো বিরাট ধাক্কা খেল পুতিনের সেনা দল।

মারিওপোল শহরের একটি ম্যাটারনিটি ও শিশু হাসপাতালে রুশ বিমান হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছে। রাজধানী কিয়েভ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় এই হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘এটা কোন ধরনের রাশিয়ান ফেডারেশন, যারা হাসপাতাল এবং ম্যাটারনিটি হাসপাতাল ভয় পায় আর সেগুলো ধ্বংস করে? ম্যাটারনিটি হাসপাতালের কেউ কি রুশ-ভাষীদের নিপীড়ন করেছে? ম্যাটারনিটি হাসপাতালে হামলা ইউক্রেনে গণহত্যা অব্যাহত থাকার চূড়ান্ত প্রমাণ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত