ফাওর এশিয়া-প্যাসিফিক সম্মেলন

বাংলাদেশ ২ বছরের জন্য এপিআরসির সভাপতি নির্বাচিত

আপডেট : ১২ মার্চ ২০২২, ০৬:৪৭ এএম

বাংলাদেশ দুই বছরের জন্য জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের (এপিআরসি) সভাপতি নির্বাচিত হয়েছে। ঢাকায় চার দিনব্যাপী ৩৬তম এপিআরসির শেষ দিনে গতকাল শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়। ৩৭তম এপিআরসি সম্মেলন শ্রীলঙ্কায় হবে বলেও জানানো হয়।

বাংলাদেশে প্রথমবারের মতো এপিআরসি সম্মেলন গত মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়। কৃষি মন্ত্রণালয় আয়োজিত সম্মেলনের শেষ দিনে সন্ধ্যায় কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, এ সম্মেলনে ডিজিটাল হাব স্থাপন, গবেষণার জন্য বিশেষ তহবিল গঠন, সবুজায়ন বৃদ্ধি, জলবায়ু সহনশীল কৃষি, টেকসই কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তোলা এবং মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যকে সমান গুরুত্ব ও আত্মনির্ভরশীল হিসেবে বিবেচনা করে ওয়ান হেলথ অ্যাপ্রোচকে অগ্রাধিকার দিয়ে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেছে এপিআরসির সদস্য ৪৬টি দেশ।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম ও খাদ্য সচিব নাজমানারা খানুম এ সময় উপস্থিত ছিলেন।

ড. রাজ্জাক বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কৃষি। করোনা মহামারী এ অঞ্চলের কৃষি, খাদ্য ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। সারের উৎপাদন কমে গেছে। এ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। মালদ্বীপ তাদের অস্তিত্ব বিলীন হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছে।

কৃষিতে গবেষণা ও উদ্ভাবনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া একটি ‘বিশেষ ফান্ড’ গঠনের প্রস্তাব সম্মেলনের চূড়ান্ত প্রতিবেদনে গ্রহণ করা হয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, এ অঞ্চলের দেশগুলোর জন্য এফএওকে একটি ‘ডিজিটাল হাব’ স্থাপনে বাংলাদেশের দেওয়া প্রস্তাব সব দেশ গ্রহণ করেছে। মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য রক্ষায় ‘ওয়ান হেলথ অ্যাপ্রোচ’ গ্রহণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত