সাতক্ষীরায় যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার ২

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০৮:৫৪ পিএম

সাতক্ষীরার আশাশুনিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যুদ্ধাপরাধের অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে আজ বিকেলে-ই আশাশুনির চাপড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আশাশুনির পাইথালী এলাকার মজিবর রহমান ধনু এবং চাঁপড়ার আবুল হোসেন।

সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ‘রবিবার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আদেশ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মজিবর রহমান ধনুকে আশাশুনির পাইথালী এলাকার হাসেম রাজাকারের বাগানবাড়ি থেকে এবং আবুল হোসেনকে চাঁপড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।’

গ্রেপ্তারের পর সাতক্ষীরা থেকে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।

মজিবর রহমান ধনু ও আবুল হোসেনের বিরুদ্ধে আশাশুনি গ্রামের গোরাঠাকুরকে হত্যা ও তার মেয়েকে ধর্ষণ করে গুম, শরাফপুর গ্রামের মেঘনাথ দাস, তারাপদ দাস ও কেষ্টপদ দাসকে একাত্তর সালে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। এ ছাড়া একই মামলার আরেক আসামি নিহত লিয়াকত কমান্ডারের বিরুদ্ধে শহীদ আব্দুর রাজ্জাককে হত্যার অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে ২০১৭ সালের ৭ ডিসেম্বর সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন মুক্তিযোদ্ধা এড. আলাউদ্দীন সানা। পরে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার পরামর্শ দেন আদালত। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাইলপত্র হস্তান্তর করা হলে প্রাথমিক সত্যতা পেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরকার বাদী হয়ে একটি মামলা করেন।

এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাতক্ষীরা জেলার সাক্ষ্য সমন্বয়কারী শাহ্ আলম জানান, তদন্ত কর্মকর্তারা সবশেষ গত মাসের ১৭ তারিখে অপরাধ সংগঠিত হওয়ার স্থান পরিদর্শন করেন। সরেজমিন পরিদর্শন ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তারা ট্রাইব্যুনালে অভিযোগপত্র দেন। তবে ইতিমধ্যে অন্যতম আসামি লিয়াকত কমান্ডার গত বছর মারা যাওয়ায় তাকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়।

তিনি আরও জানান, রবিবার মজিবর রহমান ধনু এবং আবুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয় ট্রাইব্যুনালের কাছে। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে রবিবারই তাদের গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত