কাস্টমস বন্ড কার্যক্রম সহজে বিজিএমইএর ৯ প্রস্তাবনা

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১০:৪৭ পিএম

পোশাক শিল্পের আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট কার্যক্রম সহজে ৯ দফা প্রস্তাবনা দিয়েছে সংগঠন বিজিএমইএ। এসব বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (শুল্ক রপ্তানি, বন্ড ও আইটি) হোসেন আহমেদের প্রতি অনুরোধ জানিয়েছেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠনটির নেতারা। গতকাল রবিবার চট্টগ্রামের খুলশীতে বিজিএমইএ ভবনে মতবিনিময় সভায় এসব প্রস্তাবনা পেশ করা হয়।

বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, এমডি. এম মহিউদ্দিন চৌধুরী, এ.এম. শফিউল করিম, মো. হাসান, এম. আহসানুল হক, মিরাজ-ই- মোস্তফা কায়সার, কাস্টমস্্ এক্সসাইজ ও ভ্যাট ট্রেনিং অ্যাকাডেমির মহাপরিচালক মো. মাহাবুবুজ্জামান, চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার মো. ফখরুল আলম, কাস্টমস্্ বন্ড কমিশনারেট, চট্টগ্রাম-এর কমিশনার এ. কে. এম. মাহাবুবুর রহমান, কাস্টমস্্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজিএমইএর প্রথম সহ-সভাপতি বলেন, বর্তমানে রপ্তানি আদেশ ক্রমেই বাড়ছে। কাস্টমস্, বন্ডসহ সংশ্লিষ্টদের সহযোগিতায় পোশাক শিল্প ঘুরে দাঁড়িয়েছে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। তিনি রপ্তানির প্রবৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে কাস্টমস্্ বন্ড সংশ্লিষ্ট কার্যক্রম সহজে বিজিএমইএর পক্ষ থেকে ৯ দফা প্রস্তাবনা তুলে ধরেন। প্রস্তাবনার মধ্যে রয়েছে- বন্ড লাইসেন্সে নতুন কাঁচামাল ও আনুষঙ্গিক দ্রব্যাদির নামসহ নতুন এইচএস কোড দ্রুত সংযোজন, অডিট কার্যক্রম সহজীকরণপূর্বক দ্রুত অনুমোদন,  পোশাক শিল্প প্রতিষ্ঠানের আমদানিকৃত পণ্য সংরক্ষণে অতিরিক্ত গুদাম অনুমোদন,  পোশাক শিল্প কারখানার সমগ্র এলাকাকে বন্ডেড এলাকা ঘোষণা, কারখানা স্থানান্তর অনুমোদনে কার্যক্রম সহজীকরণ, ইপিজেডের প্রতিষ্ঠানের সঙ্গে ইন্টার বন্ড ট্রান্সফার অনুমোদনের ক্ষমতা বিজিএমইএকে প্রদান, জালিয়াতি রোধে পোশাক শিল্প প্রতিষ্ঠানের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্টদের তালিকা অ্যাসাইকুডা ওয়ার্ল্ড পদ্ধতিতে সংযোজন, স্থানীয় বাজার থেকে নগদ মূল্যে ক্রয়কৃত কাপড়, সুতা ও এক্সেসরিজের ক্ষেত্রে অডিটকালে মূসক আদায় বন্ধ করা।

এনবিআর সদস্য হোসেন আহমেদ বলেন, পোশাক শিল্প সংশ্লিষ্ট বন্ডের কার্যক্রম সহজে ইতিমধ্যে বন্ড অটোমেশন প্রকল্প নেওয়া হয়েছে। এ শিল্পে রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে কাস্টমস্্ বন্ড সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুত সম্পাদনে কার্যক্রম সহজীকরণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে বিজিএমইএর প্রস্তাবনাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। কাস্টমস্্ বন্ড কমিশনারেটগুলো সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সমন্বয়ে ওয়ার্কিং কমিটি গঠনপূর্বক পোশাক শিল্পের বন্ড সংশ্লিষ্ট কার্যক্রম সহজের পদক্ষেপ নিতে নির্দেশনা দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত