সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপিম কোর্ট বার) নির্বাচনে (২০২২-২৩) দুইদিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার ও আগামীকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি) এ ভোটগ্রহণ হবে।
এবারের নির্বাচনে এক বছরের প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে ৮ হাজার ৬২৩ জন আইনজীবী ভোটার তাদের ভোট দেবেন।
সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এই নির্বাচন নির্দলীয় হলেও কার্যত দলপন্থিদের নিয়ে প্যানেলের আদলে নির্বাচন হয়।
আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) ও বিএনপিপন্থি আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের (নীল প্যানেল) ব্যানারে নির্বাচনে অংশ নেন। এ নির্বাচনে রাজনৈতিক দল ও সারা দেশের জেলা বারের আইনজীবীদের নজর ও উৎসাহ থাকে।
এবারের নির্বাচনে সাদা প্যানেল থেকে সভাপতি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির এবং সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী বদরুদ্দোজা বাদল ও সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ভোটে লড়ছেন।
সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধক্ষ্য ১টি, সহ-সম্পাদক ২টি এবং ৭টি সদস্য পদসহ ১৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা।
