১৪৫ কোটি টাকা ব্যয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন দুটি টাগবোট কিনছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামী জুনে টাগবোট দুটি বন্দরের নৌবহরে যুক্ত হবে। এ বিষয়ে হংকংয়ের চিউ লি শিপইয়ার্ড কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি সই করেছে বন্দর।
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, বন্দরে জাহাজ ও পণ্য হ্যান্ডলিং উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় আমদানি-রপ্তানি কাজে নিয়োজিত বিদেশি জাহাজগুলোর নিরাপদে বার্থিং, আনবার্থিং ও শিফটিং কাজে সহায়তার জন্য ১৪৫ কোটি ২২ লাখ ৫৬ হাজার টাকায় দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ৫০০০ বিএইচপি/৭০ টন বোলার্ড পুলের টাগবোট কেনা হচ্ছে। চট্টগ্রাম বন্দরের সভাকক্ষে গত সোমবার এ সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠান হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, টাগবোট সরবরাহকারী প্রতিষ্ঠানের লোকাল এজেন্ট ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেরাজুস সালেকিন, নির্বাহী পরিচালক মো. মহিবুল্লাহ মোর্শেদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) মো. কামরুল আমিন, সদস্য (হারবার ও মেরিন) কমোডর মো. মোস্তাফিজুর রহমান, সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, টাগবোট দুটি সংযুক্ত হলে বড় বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ বার্থিং, আনবার্থিং সহায়তা প্রদান, নতুন বাস্তবায়নাধীন বে-টার্মিনাল এবং মহেশখালী/কুতুবদিয়া এলাকায় মাতারবাড়ী টার্মিনালের অপারেশনাল কাজে সহায়তা প্রদান, চট্টগ্রাম বন্দরে আসা জাহাজগুলোর নিরাপত্তা সহায়তা বৃদ্ধিকরণ, বহির্নোঙর এবং সমুদ্র এলাকায় রেসকিউ কার্যক্রম পরিচালনা করা, বাণিজ্যিক জাহাজে অগ্নিনির্বাপণ সহায়তা প্রদান, নদী ও পরিবেশ দূষণবিরোধী কার্যক্রম পরিচালনায় সহায়তা করা, বাণিজ্যিক জাহাজগুলোকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সহায়তা প্রদান করা, কর্ণফুলী চ্যানেলের নৌ-সংরক্ষণে সহায়তা প্রদান করা ইত্যাদি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।
