টাঙ্গাইল খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল উদ্ধার

আপডেট : ১৭ মার্চ ২০২২, ০৪:১৬ পিএম

টাঙ্গাইলে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল উদ্ধার করেছেন র‌্যাব সদস্যরা।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার করটিয়া এলাকার একটি গুদাম ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়।

এ সময় গ্রেপ্তার করা হয় চাল ব্যবসায়ী শরৎ চন্দ্র সূত্রধরকে। তিনি শহরের কলেজ পাড়া এলাকার সুবল সূত্রধরের ছেলে।

র‌্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব।

এ সময় শরৎ চন্দ্র সূত্রধরের টিনের গুদাম ঘর থেকে অবৈধভাবে মজুত করে রাখা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল ও নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক করা হয় শরৎ চন্দ্রকে। তিনি দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার প্রান্তিক পর্যায় থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল সংগ্রহ করে অবৈধভাবে মজুত করে আসছিল। তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত