কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ ব্রিজের ওপরে চলন্ত ট্রেন থেকে পড়ে মাহবুব আদর (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ভেড়ামারা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
নিহত মাহবুব আদর জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার সদর ইউনিয়নের হান্নান মিঠুর একমাত্র ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের এবং হাজী মুহাম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র ছিলেন।
পোড়াদহ রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনজের আলী জানান, গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি রাত আনুমানিক পৌনে ১টার দিকে হার্ডিঞ্জ ব্রিজ পার হওয়ার সময় ব্রিজের ১৫ নম্বর পিলারের সন্নিকটে এই দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে রেল শ্রমিকদের কাছে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রেল পুলিশ।
ধারণা করা হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজের ওপর দিয়ে ট্রেনটি চলন্ত অবস্থায় অসাবধানতাবশত পড়ে লোহার রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, মাহবুব আদর ঢাকা থেকে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন মেলায় যাচ্ছিলেন। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
