স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে হাত-পা বাধা যুবকের লাশ

আপডেট : ২২ মার্চ ২০২২, ০৫:৩১ পিএম

নাটোরের বড়াইগ্রামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়ির চালক মিজান শেখকে আটক করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলার বনপাড়া বাইপাস চত্বর এলাকায় অভিযান চালিয়ে ওই লাশটি উদ্ধার করা হয়।

নিহত হযরত আলী রংপুর জেলার বাসিন্দা এবং ঢাকার আশুলিয়ার এক জুট মিলের কর্মচারী ছিলেন।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বনপাড়া বাইপাস এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঢাকা মেট্রো ঘ-১৪-০৫৮৭ একটি গাড়িকে সন্দেহজনক হলে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির পেছনে বক্স থেকে হাত-পা বাধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, মঙ্গলবার ভোরে লাশটি আশুলিয়ার পাট গোডাউন থেকে জিপে তুলে নিয়ে নাটোরের লালপুরে চালক মিজান তার শ্বশুরবাড়ি এলাকায় নিয়ে যাচ্ছিল।

আটক মিজানুর রহমান বলেন, হযরত আলী আমার গোডাউনের কর্মচারী ছিলেন। তার খারাপ আচরণের কারণে সোমবার তাকে চড়-থাপ্পড় দিয়ে ঘর থেকে বের করে দিই । কিছুক্ষণ পর হযরত গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। তবে তার হাত-পা বাধা অবস্থায় জানতে চাইলে কোনো উত্তর দেননি।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, লাশের দুই হাত-পা রশি দিয়ে বাধা ছিল। উপুড় করে রাখা লাশের পিঠের ওপর ইটবোঝাই বস্তা ছিল। নির্জন এলাকায় লাশটি ফেলে দেওয়ার জন্যই লাশ নিয়ে ঘোরাফেরা করছিল বলে মনে করা করা হচ্ছে।

তিনি আরও জানান, গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানা পুলিশের একটি টিম ইতোমধ্যেই এসে গেছে। তারা আটক ব্যক্তি ও লাশ নিয়ে যাওয়াসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত