গাজীপুরে বাস চাপায় একটি পোশাক কারখানার শ্রমিক নিহত হওয়ার গুজবে বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকেরা। এ ছাড়া বেশ কিছু যানবাহন ভাঙচুর এবং মহাসড়ক অবরোধ করে তারা।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা মালেকের বাড়ি সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলম্বিয়া কারখানার সামনে এ ঘটনা ঘটে।
বাস চাপায় আহত শ্রমিকের নাম মনির হোসেন (৩০); তিনি বরিশাল জেলার মেহেদীগঞ্জ থানার তেতুঁলিয়া গ্রামের নাম আবুল কাসেমের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর ছয়দানা মালেকের বাড়ি এলাকার আলিফ ক্যাজুয়াল লিমিটেড কারখানা ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. মালেক খসরু খান জানান, দুপুরের খাবার খেয়ে স্থানীয় আলিফ ক্যাজুয়াল লিমিটেড কারখানার ইলেকট্রিশিয়ান মো. মনির হোসেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী সৌখিন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে বাসের চাপায় পোশাক শ্রমিক মনির হোসেন মারা গেছে বলে ওই এলাকায় গুজব ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনে ইটপাটকেল নিক্ষেপসহ ভাঙচুর চালাতে থাকেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন এবং সৌখিন পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জাকির হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আহত শ্রমিককে চিকিৎসা এবং ক্ষতিপূরণ দেওয়া আশ্বাসে শ্রমিকেরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে বিকেল সাড়ে চারটার দিকে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
