এটিএম কার্ড জালিয়াতি করে কৃষকের দেড় লাখ টাকা আত্মসাৎ

আপডেট : ২২ মার্চ ২০২২, ০৭:২৫ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে এক কৃষকের এটিএম কার্ড জালিয়াতি করে ১ লাখ ৫৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক কর্মচারী বদরুল ইসলাম তাসিন (৩৫) এবং তার স্ত্রী মাহি আক্তার উর্মি (২৪)।

জানা গেছে, উপজেলার রঞ্জন মোল্লার ডাঙ্গী এলাকার কৃষক কালাম ব্যাপারী (৫৬) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের হিসাব শাখায় টাকা জমা রেখেছিলেন। তিনি চেক বই দিয়েই টাকা উত্তোলন করতেন। কিন্তু তার সরলতার সুযোগ নিয়ে উক্ত ব্যাংকের সাবেক কর্মচারী বদরুল ইসলাম তাসিন ওই কৃষককে এটিএম কার্ড ডেলিভারি দেওয়ার নাম করে নিজের কাছে রেখে দেন। পরে সুযোগ বুঝে ফরিদপুর ট্রমা সেন্টারের ডিসকাউন্ট কার্ড রেজিস্ট্রেশনের নাম করে কালাম ব্যাপারীর মোবাইল থেকে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) নিয়ে এটিএম কার্ড অ্যাকটিভ করেন।

পরে ওই কার্ড ব্যবহার করে অভিযুক্তরা ফরিদপুর শহরে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুটি বুথ থেকে ১ লাখ ৫৫ হাজার টাকা উত্তোলন করেন।

বিষয়টি বুঝতে পেরে কৃষক কালাম ব্যাপারী ফরিদপুরের পুলিশ সাইবার সাপোর্টে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সাইবার টিম বদরুল ইসলাম তাসিন ও তার স্ত্রী মাহি আক্তার উর্মিকে গ্রেপ্তার করে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, ওই দম্পতির বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ১৮/২৩/৩৫ ধারায় মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত