আপনার জিজ্ঞাসা

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০১:২২ এএম

ফরজ নামাজের তৃতীয়-চতুর্থ রাকাতে সুরা মেলানো

মো. আবদুল্লাহ, ফতুল্লা, নারায়ণগঞ্জ

প্রশ্ন : একা ফরজ নামাজ আদায়ের সময় কখনো আমি তৃতীয় কিংবা চতুর্থ রাকাতে সুরা ফাতেহার সঙ্গে সুরা মিলিয়ে ফেলি। এমতাবস্থায় কি সাহু সেজদা দিতে হবে?

উত্তর : ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে সুরা ফাতেহার সঙ্গে সুরা মেলানোর নিয়ম নেই। কিন্তু কেউ পড়ে ফেললে সাহু সেজদা ওয়জিব হবে না। -ফাতহুল কাদির : ১/৪৩৮

রমজানে বেতর নামাজ

মো. আবদুস সামাদ, ঝিনাইগাতি, শেরপুর

প্রশ্ন : একজন নিয়মিত তাহাজ্জুদ পড়েন এবং বেতর নামাজ সবসময় তাহাজ্জুদের পর আদায় করেন। রমজান মাসে তার জন্য কোনটি উত্তম? তাহাজ্জুদের পর বেতর পড়া, না মসজিদে তারাবির পর জামাতের সঙ্গে বেতর আদায় করা?

উত্তর : রমজানে বেতর নামাজ একাকী শেষ রাতে আদায়ের চেয়ে তারাবির পর জামাতের সঙ্গে আদায় করা উত্তম। অন্য মাসে কেউ যদি শেষ রাতে ওঠার ব্যাপারে নিজের প্রতি আস্থাশীল হয়, তাহলে তার জন্য শেষ রাতে পড়াই উত্তম। তাই প্রশ্নে উল্লিখিত ব্যক্তির জন্য অন্য মাসে তাহাজ্জুদের পর বেতর পড়লেও রমজান মাসে তারাবির পর জামাতের সঙ্গেই বেতর পড়ে নেবেন। আল মুহিতুল বুরহানি : ২/২৬৫

নামাজে সুরার ধারাবাহিকতা রক্ষা

মো. ফয়সাল, খিলক্ষেত, ঢাকা

প্রশ্ন : একা নামাজ পড়ার ক্ষেত্রে অনেক সময় আমি সুরার তারতিব (ধারাবাহিকতা) ঠিক রাখতে পারি না। যেমন প্রথম রাকাতে সুরা কুরাইশ, দ্বিতীয় রাকাতে সুরা আসর পড়ে ফেলি। এমতাবস্থায় কি আমার ওপর সাহু সেজদা ওয়াজিব?

উত্তর : ফরজ নামাজে সুরাগুলোর তারতিব ঠিক রাখা মুস্তাহাব। ইচ্ছাকৃত তারতিব ভঙ্গ করা অনুত্তম। ভুলে কখনো তারতিব ভঙ্গ হয়ে গেলে সমস্যা নেই। এ ভুলের কারণে সাহু সেজদা ওয়াজিব হয় না। আল বাহরুর রায়েক : ২/৯৪

তাশাহহুদ শেষ হওয়ার আগে ইমাম দাঁড়িয়ে গেলে

মো. আবদুল জলিল, বাসাবো, ঢাকা

প্রশ্ন : জামাতে নামাজের সময় মাঝেমধ্যে প্রথম বৈঠকে তাশাহহুদ শেষ করার আগেই ইমাম সাহেব তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান। এ অবস্থায় আমি কী করব?

উত্তর : ইমাম মুক্তাদি সবার জন্য তাশাহহুদ পড়া ওয়াজিব। তাই প্রথম বৈঠকে মুক্তাদির তাশাহহুদ শেষ হওয়ার আগে ইমাম দাঁড়িয়ে গেলে মুক্তাদি তাশাহহুদ শেষ করেই দাঁড়াবে। অবশ্য কখনো যদি মুক্তাদি তাশাহহুদ শেষ না করে দাঁড়িয়ে যায় তবে তা নিয়মসম্মত না হলেও নামাজ হয়ে যাবে। কিন্তু মকরুহ হবে। ফাতাওয়া তাতারখানিয়া : ২/১৯১

×
সর্বশেষ সর্বাধিক পঠিত