টাঙ্গাইলের কালিহাতীতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া, কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের নাফ নদী থেকে অজ্ঞাত তরুণের, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৃদ্ধের ঝুলন্ত ও চট্টগ্রামের ফটিকছড়িতে তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
টাঙ্গাইল : কালিহাতীর কোকডহরা ইউনিয়নের বানিয়ারা গ্রাম থেকে গতকাল বুধবার সকালে রাহাত (১৪) নামে এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাহাত ওই গ্রামের শাহাদত হোসেনের ছেলে এবং বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। নিহতের পরিবার জানায়, রাহাতকে গত মঙ্গলবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে গতকাল বানিয়ারা গ্রামের একটি পুকুর পাড়ে রাহাতের গলাকাটা লাশ পাওয়া যায়।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, মঙ্গলবার দিনগত রাতের কোনো এক সময় রাহাতকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়।
টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের সীমান্ত টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ নাফ নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া সংলগ্ন নাফ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, ওই ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ বছর হতে পারে।
ব্রাহ্মণবাড়িয়া : সরাইল উপজেলায় একটি কবরস্থানের গাছ থেকে আবু তাহের (৭২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের একটি কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আবু তাহের পাশর্^বর্তী চুন্টা ইউনিয়নের নরসিংপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। মরদেহটি দীর্ঘদিন আগের, এটি অনেকাংশে পচে গেছে।
ফটিকছড়ি (চট্টগ্রাম) : ফটিকছড়িতে মো. সুমন (৩০) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার খিরাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের প্রেমপুর এলাকার একটি টিলার ঢাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। সুমন গত মঙ্গলবার সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেননি।
ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) শামস্ উদ্দিন বলেন, লাশের মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে।
