রাজশাহীর গোদাগাড়ীতে এক আদিবাসী যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ সময় অসুস্থ আরেকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের নাম অভিনাথ মার্ডি (৩০)। তিনি উপজেলার দেওপাড়া ইউনিয়নের নবাই বটতলা গ্রামের বাবু চাঁদ মার্ডির ছেলে।
অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তার চাচাতো ভাই একই এলাকার রবি মার্ডিকে (৩২)।
দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে- পানি পায়নি তাই তিনি বিষ খেয়েছেন। এখন খরার মৌসুম সবাই সিরিয়াল অনুযায়ী পানি পাচ্ছে। এখন জমিতে পানি বেশি লাগছে। গত কয়েক দিন থেকেই তাপমাত্রা ৪০ এর কাছাকাছি চলছে। তার উপর বরেন্দ্র এলাকা। ড্রাইভারের কথা হলো আমরা সিরিয়ালি পানি দিচ্ছি। কেউ ৫ দিন পরে পাচ্ছে, কেউ ৭ দিন পরে পাচ্ছে। নলকূপের ক্ষমতা হচ্ছে ১৫০ বিঘা জমিতে পানি দেয়ার। কিন্তু ধান চাষ হয়েছে ২৫০ বিঘা জমিতে।
চেয়ারম্যান সোহেল বলেন, পরিবারের দাবি তিনি মাঠেই বিষ খেয়েছেন। তবে বাড়িতে ছিল। তাকে একটি অটো ওয়ালা সন্ধ্যায় বাড়িতে নামিয়ে দিয়ে গেছে। পরে রাতে মৃত্যুর ঘটনা ঘটেছে।
গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, আত্মহত্যার খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে গেছেন। রবি মার্ডিকে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, আরেকজনের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশের ময়নাতদন্ত করা হবে। বিষপান করে থাকলে তার কারণ অনুসন্ধান করবে পুলিশ। অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকা রবি মার্ডির একটু উন্নতি হলে তার কাছ থেকেও এর কারণ সম্পর্কে জানা যাবে।
এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, অভিনাথ ও রবি মার্ডি প্রায়ই চোলাই মদ খেতেন। বুধবার বিকেলেও তারা মদ খেয়েছিলেন। এ কারণে তাদের বিষ খাওয়ার তথ্য শুনে প্রথমে অনেকে বিশ্বাসও করেনি।
