কিশোরগঞ্জের ভৈরবে সরকারি কেবি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে জোরপূর্বক অতিরিক্ত ক্লাস চাপিয়ে অর্থ আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে অভিভাবক-শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে ভৈরব পৌরসভার সামনে শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি হয়। এতে বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ কয়েকশ অভিভাবক অংশ নেন।
অভিভাবকরা বলেন, সরকারি কেবি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রত্যেক শিক্ষার্থীর জন্য স্কুলে অতিরিক্ত ক্লাস বাধ্যতামূলক করা হয়েছে। এ বাবদ মাসিক ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ এবং পরীক্ষার ফি ৫০ টাকা। অথচ সরকারি বিধি মোতাবেক স্কুলের মাসিক বেতন শুধু ১০ টাকা। অতিরিক্ত ক্লাস না করলে স্কুল থেকে টিসি দিয়ে বের করে দেওয়া ও অ্যাসাইনমেন্ট জমা না নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, ‘ঘাটতিটা পূরণের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করেছি। সরকারি নিয়ম অনুযায়ী সপ্তাহে তিন দিন অতিরিক্ত ক্লাস করালে মাসে ১ হাজার ২০০ টাকা ফি।’
