নাটক, চিত্রাঙ্কন ও আলোচনা সভায় স্কলাসটিকায় স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।
শনিবার স্কলাসটিকা স্কুলের বিভিন্ন শাখায় অনলাইনে দিবসটি পালন করা হয়।
উত্তরা সিনিয়র শাখা ‘সূর্যোদয়ের দিন’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাখা প্রধান ও প্রিন্সিপাল ফারাহ সোফিয়া আহমেদ ও শিক্ষা কার্যক্রমের প্রধান সাবিনা মুস্তাফা। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ‘হট্টমালার ওপারে’ নাটক মঞ্চায়নেরও আয়োজন করা হয়।
মিরপুর সিনিয়র শাখা দেয়ালিকা উৎসব এবং নাচ গান ও কবিতা আবৃত্তির সহযোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন শাখা প্রধান নুরুন নাহার মজুমদার।
উত্তরা জুনিয়ার শাখার অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘মানচিত্র’ পরিবেশনের পাশাপাশি ‘তোমার চোখে বাংলাদেশ’ শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে বক্তব্য রাখেন শাখা প্রধান সাজিয়া ইয়াসমিন ও রাশিদা শাহেদ।
গুলশান জুনিয়র শাখার অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও যুক্তরাষ্ট্রের ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডাক্তার জিয়াউদ্দিন আহম্মেদ শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান। এতে আরো বক্তব্য রাখেন শাখা প্রধান সৈয়দা ফারদাহ ফারহানা আলম।
ধানমন্ডি জুনিয়ার শাখার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীরপ্রতীক রেশমা আমিন। অনুষ্ঠানে ‘মুক্তিযোদ্ধাদের কথা’ নিয়ে গল্পের আসর ও ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ শিরোনামে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক অনলাইনে এসব অনুষ্ঠান উপভোগ করেন।
