হরতাল: পল্টন মোড় অবরোধ বাম নেতাকর্মীদের

আপডেট : ২৮ মার্চ ২০২২, ১১:২৪ এএম

রাজধানীর পল্টন মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন হরতাল সমর্থনকারীরা।

সোমবার সকাল ছয়টা থেকে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা অবস্থান নিলে পল্টন মোড়ের চারদিক থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ তাদের ঘিরে রাখে।

যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন পথচারীরা।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, সরকার যে ভয়ের রাজত্ব কায়েম করেছে, তার প্রতিবাদে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত শহর, বন্দর, উপজেলায় সাধারণ মানুষ হরতালের সমর্থনে রাস্তায় নেমে এসেছে। ভয় দেখিয়ে সরকার মানুষকে রাস্তা থেকে সরাতে পারবে না।

দুপুর ১২টা পর্যন্ত তাদের হরতাল কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তিনি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, হরতালের সমর্থনে সকালে মিরপুর এলাকায় বাম জোটের নেতাকর্মীরা মিছিল বের করেছিলেন।

এ সময় পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে বলেও তিনি অভিযোগ করেন।

এদিকে সকালে হরতালের সমর্থনে শাহবাগ মোড় অবরোধ করেন প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা। সকাল আটটা থেকে তাদের এই অবরোধ শুরু হয়। এরপর তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

সোমবার ভোর ৬টায় শুরু হওয়া এ হরতাল চলবে দুপুর ১২টা পর্যন্ত।

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে গত ১১ মার্চ সকালে পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচি ঘোষণা করে দলটি।

এ হরতালে সমর্থন জানিয়েছে একটি বিজ্ঞপ্তি দিয়েছে বিএনপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত