ধনীদের ওপর নতুন কর বসাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৮ মার্চ ২০২২, ১০:২৭ পিএম

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দেওয়ার পরোক্ষ প্রভাব যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও পড়েছে। যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম বলছে, ২০২৩ সালের বাজেটে দেশটির শীর্ষ ধনীদের ওপর অতিরিক্ত কর ধার্য করার বিষয়টি চূড়ান্ত করেছে বাইডেন প্রশাসন। ‘বিলিয়নিয়ার মিনিমাম ট্যাক্স’-এর জন্য ১০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের ৭০০ বা তার বেশি আমেরিকান পরিবারকে তাদের সম্পূর্ণ আয়ের কমপক্ষে ২০ শতাংশ দিতে হবে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

বাইডেন প্রশাসনের সাম্প্রতিক এক পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রের ৪০০ কোটিপতি পরিবার ২০১০ থেকে ২০১৮ সালের মধ্যে তাদের উপার্জনের মাত্র ৮ দশমিক দুই শতাংশ আয়কর দিয়েছে। আমেরিকার সাধারণ জনগণ তাদের আয়ের ভিত্তিতে যে আয়কর দেয়, ধনীরা মূলত তার চেয়েও কম দেয়। বিশ্লেষকরা বলছেন, বর্ধিত এই আয়করের প্রভাব শীর্ষ ধনীদের তরল সম্পদ, স্টক এবং জমিজমার ওপর পড়বে।

কোটিপতিদের ওপর আয়করের প্রস্তাবটি এখন কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় আছে। এটি অনুমোদন পেলে দশ বছরে নতুন করে ৩৬০ বিলিয়ন ডলার যুক্ত হবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের বামপন্থি রাজনৈতিক দলগুলো ধনীদের ওপর অতিরিক্ত আয়কর ধার্য করার জন্য সরকারকে চাপ দিয়ে আসছিল। কিন্তু কোনো সরকারই এমন পদক্ষেপ নেয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত