ভোলার বাপ্তার চাঞ্চল্যকর জোড়া খুন মামলার দুই আসামি মামুন ও ফিরোজকে মৃত্যুদণ্ড এবং অপর আসামি শরিফকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মামলার
অপর আসামি মামুনের স্ত্রী রেহানা ও ছোট ছেলে আরিফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়।
আজ বুধবার দুপুরে ভোলা জেলা ও দায়েরা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ মহসিনুল হক এ রায় দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ২০১৮ সালের ১৩ মে রাতে ভোলা শহরতলির বাপ্তা ভোটের ঘর এলাকায় মামুন ও তার সহযোগী ফিরোজ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ছোট ভাই মাসুমকে হত্যা করে। এ সময় মাসুমের শ্যালক জাহিদ এগিয়ে এলে তাকেও কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত জাহিদের পিতা মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামুন ও ফিরোজসহ পাঁচজনের বিরুদ্ধে ভোলা থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর থেকে মামুন ও ফিরোজ পালাতক ছিলেন।
দীর্ঘদিন পলাতক থাকার পর মামলার এক নম্বর আসামি মামুনকে পাবনা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ফিরোজ এখনো পলাতক রয়েছেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সোহেব হোসেন মামুন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ে অপরাধীরা তাদের শাস্তি পেয়েছে, আইনের সঠিক বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এতে প্রমাণিত হলো যে, অপরাধ করলে শাস্তি পেতেই হবে।
অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট অতিন্দ্রলাল ব্যানার্জি রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ে তারা ক্ষুব্ধ এবং মর্মাহত। তারা উচ্চ আদালতে রায়ের বিষয়ে আপিল করবেন।
