তিন মাসের আহ্বায়ক কমিটিতে ৫ বছর পার

আপডেট : ৩১ মার্চ ২০২২, ০৪:৩৭ এএম

এক যুগ পর দিনাজপুর জেলা বিএনপির কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ৩ মাসের মেয়াদের আহ্বায়ক কমিটি চলছে সাড়ে ৫ বছর ধরে। এছাড়াও ৩ বছর মেয়াদি কমিটি পার করে ৬ বছর ৮ মাস। কাউন্সিলের তারিখ ঘোষণার পরপর থেকে সম্ভাব্য পদপ্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন।

গত ২৬ মার্চ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে জেলা বিএনপির কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী আগামী ১৬ এপ্রিল জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। পত্রে কাউন্সিল সম্পন্ন করতে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সাবেক এমপি রেজিনা ইসলামকে নির্বাচন কমিশনার এবং যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমানকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ওইদিন সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সাধারণ সম্পাদক ও তিনটি সাংগঠনিক সম্পাদক পদে কাউন্সিল হবে। পরে বাকি পদগুলো পূরণ করা হবে।

দিনাজপুর জেলা বিএনপি কার্যালয় সূত্রে জানা যায়, জেলা বিএনপি’র সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালের ২৬ জানুয়ারি। ৩ বছর মেয়াদি এই কমিটি পার করে ৬ বছর ৮ মাস। সবশেষ ২০১৬ সালের ২৯ আগস্ট ওই কমিটি ভেঙে দিয়ে সাবেক এমপি এজেডএম রেজওয়ানুল হককে আহ্বায়ক, ১১ জনকে যুগ্ম আহ্বায়ক ও ১১৯ জনকে সদস্য করে মোট ১৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গঠিত আহ্বায়ক কমিটি ৩ মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়ার কথা থাকলেও ঐক্যমতের অভাবে ওই আহ্বায়ক কমিটি দিয়েই অতিবাহিত হয়েছে সাড়ে ৫ বছর।

এদিকে কাউন্সিলের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। এরমধ্যে সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খালেকুজ্জামান বাবু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আখতারুজ্জামান মিঞা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সাবেক সভাপতি সাবেক এমপি আব্দুল হালিম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

সাধারণ সম্পাদক পদে প্রতিযোগীদের সম্ভাব্য তালিকায় রয়েছেন- জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান জুয়েল, জেলা বিএনপি’র ২ বারের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মোকাররম হোসেন, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান উজ্জল, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক শাহিন খান ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বখতিয়ার আহম্মেদ কচি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত