বগুড়ায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

আপডেট : ৩১ মার্চ ২০২২, ১২:৫৯ পিএম

বগুড়ার কাহালুতে বিজয় হোসেন (১৮) নামের এক যুবককে হত্যা করে তার অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের ভ্যাপড়া গ্রামের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিজয় হোসেন গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের লিটন আলীর ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে বিজয় তার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। বুধবার রাতেই বিষয়টি গাবতলী থানায় অবহিত করা হয়।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে থানা-পুলিশ জানায় কাহালুতে বিজয়ের লাশ উদ্ধার হয়েছে।

কাহালু থানা-পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাহালু উপজেলার ভ্যাপড়া ডিকে রাইস মিলের পেছনের ডোবার ভেতর স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়। তার শরীরে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ জানান, তার পরিচয় উদ্‌ঘাটনের পর জানা গেছে তিনি পেশায় অটোভ্যান চালক। বুধবার সকালে তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। ধারণা করা হচ্ছে ভ্যানটি ছিনতাই করতেই উপর্যুপরি ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়।

লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত