হরতালে ভাঙচুর-অগ্নিসংযোগ: বাম জোটের ১২ নেতার বিরুদ্ধে মামলা

আপডেট : ৩১ মার্চ ২০২২, ০৩:৫৮ পিএম

বাম জোটের হরতালে ভাঙচুর ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার ‘পোড়ানোর’ অভিযোগে তিনটি ছাত্র সংগঠনের ১২ নেতার বিরুদ্ধে মামলা করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চ নামের এক সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বুধবার শাহবাগ থানায় মামলাটি করা হয়। এতে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক দীপক শীল, সহসভাপতি অনিক রায়, সহসভাপতি জহরলাল রায়, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু; ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল কুম্ভকার, সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী, সহসাধারণ সম্পাদক মেঘমাল্লার বসু; ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাত মাহমুদ; ছাত্র ফেডারেশনের (গণসংহতি) সভাপতি গোলাম মোস্তফা; বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ইকবাল কবীর ও বর্তমান সাধারণ সম্পাদক দিলীপ রায়।

শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার জানিয়েছেন, মামলার কোনো আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।

এজাহারে উল্লেখ করা হয়, ২৮ মার্চ বাম জোটের ডাকা হরতালে আসামিরা ‘বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার পুড়িয়ে অবমাননাসহ জনমনে ভীতি সঞ্চার’ করে। সোহরাওয়ার্দী উদ্যানে জয়বাংলা জয়োৎসব অনুষ্ঠানের প্রচারের অংশ হিসেবে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ওই ব্যানার সেখানে টাঙানো হয়েছিল।

আসামিরা মানুষের যাতায়াত ও যান চলাচলে বাধা দিয়ে দিয়ে জননিরাপত্তার ব্যপাক বিঘ্ন ঘটায় এবং ‘ভাঙচুর, অগ্নিসংযোগ ও আইন-শৃঙ্খলারক্ষা বাহিনীর কাজে বাধা দিয়ে অস্থিতিশীল পারিস্থিতি সৃষ্টি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত