বাউফলে চুরির অভিযোগে কাউন্সিলর গ্রেপ্তার

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১১:০৫ পিএম

পটুয়াখালীর বাউফল পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর মো. হারুন মল্লিককে (৪৫) সিএনজি চুরির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় মাদারীপুরের ডাসার উপজেলায় সিএনজি চুরির সময় হারুনকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অন্যদিকে গতকাল ভোরে যশোরের বেনাপোল পৌরসভার কাউন্সিলর রাশেদ আলীকে (৪৫) দুটি বিদেশি পিস্তলসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মাদারীপুরের ডাসার উপজেলায় যাত্রীবেশে সিএনজিতে ওঠেন হারুন মল্লিক ও তার দুই সহযোগী। একটি নির্জন এলাকায় পৌঁছালে চেতনানাশক স্প্রে দিয়ে চালককে অচেতন করে সিএনজি নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে হাতেনাতে ধরে গণধোলাই দেয়। পরে পুলিশ এসে হারুন ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে।

এদিকে যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার জানান, গত ২৮ মার্চ অবৈধভাবে বেনাপোল বন্দর দখল করার সময় কাউন্সিলর রাশেদ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী অর্ধশতাধিক বোমা হামলা চালায়। হামলায় আহত হন ২০ জন শ্রমিক। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বাদী হয়ে ৩টি মামলা করেন। শনিবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশ ঝিকরগাছার গদখালী গ্রামে অভিযান চালিয়ে দুটি বিদেশি অস্ত্র ও দুটি ম্যাগাজিনসহ রাশেদ আলীকে আটক করে। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, হত্যা, ছিনতাইসহ বেনাপোল পোর্ট থানায় ১৩টি মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত