আখাউড়ায় এক মাসে লাগেজ পার্টি থেকে ৫০ লাখ টাকা ট্যাক্স আদায়

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৭:৩৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট সীমান্ত দিয়ে সম্প্রতি লাগেজ পার্টির তৎপরতা বৃদ্ধি পেয়েছে। লাগেজ পার্টির লোকজন ভারত থেকে বিপুল পরিমাণে ভারতীয় কাপড় এই চেকপোস্ট দিয়ে বাংলাদেশে নিয়ে আসছে।

এসব কাপড়ের মধ্যে রয়েছে থ্রি-পিস, শাড়ি, টি-শার্ট, পাঞ্জাবি, প্যান্ট এবং ভারতীয় কসমেটিকস ও প্রাণীজ ওষুধ, বেল্ট ইত্যাদি নিয়ে আসে। কাস্টমস কর্তৃপক্ষের নজরে পড়লে এসব কাপড় জব্দ করে ট্যাক্স আদায় করে।

তবে বেশির ভাগ সময়ই তারা কাস্টমস কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে ট্যাক্স না দিয়ে চলে যায়। আবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করে কম ট্যাক্স দিয়ে মালামাল ছাড়িয়ে নেন। কিছুদিন যাবৎ আখাউড়া চেকপোস্টের বিজিবি গোয়েন্দা ও শুল্ক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে লাগেজ পার্টি।

গত এক মাসে জব্দকৃত কাপড় ও অন্যান্য মালামাল থেকে ৫১ লক্ষ ৫১ হাজার টাকা ট্যাক্স আদায় করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রোজার ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে এ চক্রটি।

খোঁজ নিয়ে জানা গেছে, দৈনিক ৪০-৫০ জন যাত্রী আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতে থেকে বাংলাদেশে প্রবেশ করে। এদের মধ্যে কিছু কিছু ভারতীয় নাগরিক এবং বাংলাদেশি যাত্রী ভারত থেকে বিপুল পরিমাণে ভারতীয় কাপড় এই চেকপোস্ট দিয়ে বাংলাদেশে নিয়ে আসছে। পরে এসব কাপড় ঢাকা, চট্টগ্রামসহ দেশের বড় বড় শহরে নিয়ে যায়। অধিকাংশ সময় ট্যাক্স না দিয়ে চলে যায় ওই যাত্রীরা।

আরও জানা গেছে, স্থলবন্দর এলাকার ১০-১২ জনের একাধিক গ্রুপ আছে তারাও এ ব্যবসা করে। কেউ কেউ চুক্তিতে সংশ্লিষ্ট দপ্তরকে ‘ম্যানেজ’ করে ট্যাক্স কমিয়ে দিয়ে লাগেজ পার্টিকে সহযোগিতা করে।

বন্দর সংশ্লিষ্টরা জানান, কাস্টমস কর্তৃপক্ষ কঠোর হলে ট্যাক্স আরও বাড়বে।

কাস্টমস সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে জব্দকৃত কাপড় থেকে টেক্স আদায় হয়েছিল ১৪ লক্ষ টাকা এবং জানুয়ারি মাসে ৩ লক্ষ টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় এক নাগরিক বলেন, কাস্টমস কর্মকর্তারা প্রথমে মৌখিকভাবে বড় অঙ্কের টাকা ট্যাক্স দিতে বলেন। ২-৩ দিন পরে তারাই আবার ট্যাক্স কমিয়ে দেন। তাহলে আমাদের সময় ও অর্থ নষ্ট করার মানে কি। যতটুকু ট্যাক্স দিতে হবে প্রথমে বলে দিলেই পারে।

এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া কাস্টমস এর রাজস্ব কর্মকর্তা শাহ্ নোমান সিদ্দিকী বলেন, নজরদারি বাড়ানোর কারণে ট্যাক্স বৃদ্ধি পেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত