ইউরোপে যুক্তরাষ্ট্রের আরও সেনা চায় পোল্যান্ড

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১০:৩৩ পিএম

ইউরোপে যুক্তরাষ্ট্রের আরও সামরিক উপস্থিতি চায় ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড। দেশটির ক্ষমতাসীন দল ল অ্যান্ড জাস্টিস (পিআইএস) নেতা জারোসøা কাকজিনস্কি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিক্রিয়ায় ইউরোপে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনার সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধিকে স্বাগত জানাবে তার দেশ।

জার্মান সংবাদপত্র ওয়েলট অ্যাম সোনট্যাগের সঙ্গে আলাপকালে জারোসøা কাকজিনস্কি বলেন, ‘রাশিয়ার ক্রমবর্ধমান হামলার কারণে আমেরিকানরা যদি ইউরোপে তাদের বিদ্যমান উপস্থিতি এক লাখ থেকে বাড়িয়ে দেড় লাখ পর্যন্ত করে তাহলে পোল্যান্ড খুশি হবে। সেক্ষেত্রে ৭৫ হাজার সেনাকে পূর্বদিকে মোতায়েন করা উচিত, অর্থাৎ রাশিয়া সীমান্তে। এছাড়া বাল্টিক দেশগুলো এবং পোল্যান্ডে ৫০ হাজার সেনা মোতায়েন করা উচিত।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, তার দেশের পূর্ব এবং দক্ষিণাঞ্চল দখল করতে মরিয়া রাশিয়া। গত শনিবার গভীর রাতে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ‘রাশিয়ান সেনাদের এখন লক্ষ্য কী? তারা ডনবাসের পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনে নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে চায়। আর আমাদের লক্ষ্য কী? আমাদের স্বাধীনতা, আমাদের ভূখণ্ড এবং নিজেদের রক্ষা করা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত