লক্ষ্মীপুরে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সদর উপজেলার গোরাববাগ এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন গ্রাম পুলিশ আবদুল কুদ্দস, ব্যবসায়ী জামাল হোসেন, আবদুল হাই, শিব্বির মাহমুদ, ফরহাদ, ওহিদ আলম প্রমুখ। এসময় বক্তারা বলেন, গোরাববাগের নুরুল ইসলামের ছেলে আবুল হাসেম শাহিনদের সঙ্গে পাশর্^বর্তী ব্যবসায়ী আলী আহাম্মদদের জমি নিয়ে বিরোধ চলছে। শাহিনের এক ভাই পুলিশের চাকরি করার সুবাদে এ বিরোধকে কেন্দ্র করে আলী আহাম্মদ ও তার ভাইদের বিরুদ্ধে খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ এনে গত ১৮ মার্চ মামলা করে হয়রানি করা হচ্ছে। ওই মামলার প্রতিবাদে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন করা হয়। বক্তারা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার ও নিরীহ মানুষকে হয়রানি বন্ধের দাবি জানান।
